জাতীয় সংসদ ভবন চত্বরে মঙ্গলবার বিকেলে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৩টা ১৫ মিনিটে সংসদ ভবনের মূল চত্বরে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
ঘটনার খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য জেনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার। সংসদ সচিবালয় জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।



























