দেশে চলমান জ্বালানি ও গ্যাস সংকট নিরসনের লক্ষ্যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় দুপুরে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
ফোনালাপের প্রেক্ষিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সংকট মোকাবিলায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে নিজের টিম ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে দ্রুত আলোচনা করে বাংলাদেশকে সম্ভাব্য সহযোগিতার বিষয়ে অবহিত করা হবে।
জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম জানিয়েছেন, জনগণের সরকার হিসেবে বর্তমান সংকট লাঘবে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হলেও জনগণের ভোগান্তি কমানো সরকারের দায়িত্ব।
সংকটের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে একটি চিঠি পাঠান। মঙ্গলবার মালয়েশিয়া সফররত শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন কুয়ালালামপুরে সেই চিঠি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এর পরপরই দুপুরে দুই প্রধানমন্ত্রীর মধ্যে ফোনালাপ হয়।
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, পেট্রোবাংলা এবং আরপিজিসিএল দিনরাত পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। প্রধানমন্ত্রী নিজেও সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছেন। বর্তমানে দেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ঘাটতি কমিয়ে আনতেই মালয়েশিয়ার সহযোগিতা চাওয়া হয়েছে। এলএনজি আমদানির পাশাপাশি দেশটির অভিজ্ঞতা, পরামর্শ ও অন্যান্য সম্ভাব্য সহায়তার বিষয়েও আলোচনা চলছে।
পাশাপাশি সরকার বিকল্প জ্বালানির উৎস অনুসন্ধানেও কাজ করছে। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে বৈঠকেও জ্বালানি সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণে জাপানের সহযোগিতা চাওয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান।

























