জনপ্রিয় অভিনেত্রী শ্রেয়া কালরার গালে হঠাৎ চুমু দেওয়াকে কেন্দ্র করে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল, তা নিয়ে অবশেষে মুখ খুলেছেন বলিউড অভিনেতা রাম কপুর। ওই ঘটনার পরপরই শ্রেয়া অভিযোগ করেছিলেন যে, রাম তার ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন করেছেন। তবে এই অভিযোগের প্রেক্ষিতে অভিনেতা দাবি করেছেন, বিষয়টি সম্পূর্ণ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। রাম জানান, শ্রেয়া নিজেই পরে তার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে, তিনি তার মন্তব্যের মাধ্যমে খারাপ কিছু বোঝাতে চাননি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম কপুর এই পুরো ঘটনা ও পরবর্তী বিতর্ক নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি জানান, শ্রেয়া তার সঙ্গে একাধিকবার কথা বলেছেন এবং স্পষ্ট করেছেন যে, তিনি বিষয়টি অন্যভাবে বোঝাতে চাননি। রামের ভাষ্যমতে, শ্রেয়া তাকে বলেছিলেন, তিনি ওই ধরনের কোনো নেতিবাচক অর্থ প্রকাশ করতে চাননি এবং রাম তার জায়গায় ঠিক আছেন। অভিনেতা আরও বলেন, স্নেহ প্রকাশের ধরন হিসেবে তিনি ক্যারিয়ারের শুরু থেকেই কিছুটা শারীরিক ঘনিষ্ঠতা বজায় রাখেন। অন্যের মন্তব্যের কারণে নিজের স্বভাব বা ব্যক্তিত্ব পরিবর্তন করার কোনো ইচ্ছা তার নেই বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন।
দীর্ঘ ২৭ বছরের অভিনয়জীবন নিয়ে গর্ব প্রকাশ করে রাম বলেন, এই দীর্ঘ সময়ে তার সঙ্গে কাজ করা কোনো নারী শিল্পী কখনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেননি। তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে আমার ২৭ বছরের ক্যারিয়ার। আমি অত্যন্ত খুশি এবং গর্বিত যে, আমার সহকর্মী কোনো নারী কখনও আমার আচরণের বিরুদ্ধে অভিযোগ করেননি। তাই মানুষ কী বলছে বা কী ভাবছে, তা নিয়ে তিনি মোটেও বিচলিত নন। তিনি যেমন, তেমনই থাকতে পছন্দ করেন এবং এসব সমালোচনাকে তিনি গুরুত্ব দিতে নারাজ।
রাম কপুর এই ধরনের বিতর্কগুলোকে ‘অপ্রয়োজনীয়’ বলে অভিহিত করেছেন। তার মতে, অনেক সময় ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এমন বিতর্ক তৈরি করা হয়, যা মূল প্রসঙ্গের বাইরে চলে যায়। তিনি বলেন, এই ধরনের অর্থহীন বিতর্কের পেছনে সময় নষ্ট করতে তিনি আগ্রহী নন। জীবন দ্রুত এগিয়ে যায় এবং তার জীবনে অনেক ইতিবাচক বিষয় রয়েছে, যেগুলোর দিকেই তিনি মনোযোগ দিতে চান। এছাড়া সাক্ষাৎকারে শ্রেয়ার সঙ্গে তার সম্পর্কের জটিলতা এবং তাদের মধ্যে কেন প্রায়ই মতবিরোধ তৈরি হতো, সে বিষয়েও নিজের অবস্থান তুলে ধরেন এই অভিনেতা।
সূত্র: ডেইলি বাংলাদেশ





























