মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে সিএফ মন্ট্রিলের বিপক্ষে ইন্টার মায়ামির ১-০ ব্যবধানের জয়ের রাতে মাঠেই গুরুতর আঘাত পেয়েছিলেন ক্লাবটির ফরোয়ার্ড জার্মান বারতেরামে। মাথায় আঘাত পেয়ে মাঠে খিঁচুনি শুরু হওয়ায় অ্যাম্বুলেন্সে করে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ইন্টার মায়ামির অন্তর্বর্তীকালীন কোচ গুইলারমো হোয়োস জানিয়েছেন, আর্জেন্টিনার বংশোদ্ভূত এই মেক্সিকান ফরোয়ার্ড এখন আশঙ্কামুক্ত এবং দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
ম্যাচের ৭০তম মিনিটে একটি হেড করতে গিয়ে প্রতিপক্ষ ডিফেন্ডার এফ্রেইন মোরালেসের সঙ্গে জোরালো সংঘর্ষ হয় বারতেরামের। মাটিতে আছড়ে পড়ার পর তার শরীরে খিঁচুনি দেখা দিলে মাঠেই প্রবেশ করে অ্যাম্বুলেন্স। এই ঘটনায় দুই দলের খেলোয়াড়রাই বেশ আতঙ্কিত হয়ে পড়েন। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার পরও খেলা শেষ পর্যন্ত গড়ায় এবং ৮১তম মিনিটে লুইস সুয়ারেজের পেনাল্টি গোলে জয় নিশ্চিত করে ইন্টার মায়ামি। ম্যাচের ফলের চেয়েও সবার উদ্বেগ ছিল বারতেরামের শারীরিক অবস্থা নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ মায়ামির পোস্ট করা এক ভিডিওতে ৬৩ বছর বয়সী কোচ হোয়োস বলেন, "বারতেরামে সজ্ঞান আছেন এবং ভালো আছেন। আঘাতটি বেশ জোরালো ছিল, তবে তিনি সুস্থ হয়ে উঠছেন।"
বর্তমান এমএলএস কাপ চ্যাম্পিয়ন মায়ামি বর্তমানে ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে, যা শীর্ষ দল ন্যাশভিল এসসি থেকে তিন পয়েন্ট কম।
অন্যদিকে, ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যাওয়া আর্জেন্টিনার হয়ে ক্লান্তিকর টুর্নামেন্ট শেষ করার পর এখনো ইন্টার মায়ামি স্কোয়াডে যোগ দেননি লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এই তারকা মায়ামির হয়ে শিকাগো ফায়ার (৩-২) এবং মন্ট্রিলের বিপক্ষে জয়ের ম্যাচ দুটি মিস করেছেন। আগামী ২৯ জুলাই বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া এমএলএস অল-স্টার ম্যাচেও তাকে দেখা যাবে না।
অল-স্টার ম্যাচে মেসির অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করে একটি বিবৃতি প্রকাশ করেছে এমএলএস। বিবৃতিতে বলা হয়েছে, ২০২৬ মৌসুম শুরুর আগেই এমএলএস এবং খেলোয়াড় অ্যাসোসিয়েশন একমত হয়েছিল যে, বিশ্বকাপ শেষে ফেরার পর খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম ও অনুশীলনের সূচি ক্লাবগুলো নিজেদের আলোচনার মাধ্যমে নির্ধারণ করবে। সেই চুক্তি অনুযায়ী লিওনেল মেসি এবং তার আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলকে অল-স্টার ম্যাচ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত মৌসুমে শেষ মুহূর্তে অল-স্টার ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার কারণে মেসি ও জর্ডি আলবাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল লিগ কর্তৃপক্ষ। আগামী ১ আগস্ট শনিবার কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ দিয়ে মায়ামির জার্সিতে মেসির মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে।






























