২০২২ সালে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশের মেয়েরা। দুই বছর পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল।
সাবিনা খাতুন-সানজিদা আকতাররা গ্রুপ পর্বে খেলবেন ভারত ও পাকিস্তানের বিপক্ষে।
২০২৪ নারী সাফের সূচি আজ প্রকাশ করা হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ১৭ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট। একই ভেন্যুতে ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযানে নামবে বাংলাদেশের মেয়েরা। নিজেদের দ্বিতীয় ম্যাচ তথা গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। ২৩ অক্টোবর মুখোমুখি হবে দুই প্রতিবেশী। বাংলাদেশ নারী ফুটবল দলের দুটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে।
দুই গ্রুপে সাত দল খেলবে এবারের নারী সাফে। ‘এ’ গ্রপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দল থাকলেও অপর গ্রুপে রয়েছে চার দল। নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান এই চার দল রয়েছে ‘বি’ গ্রুপে।































