চলতি বছরের ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার কিংবদন্তি রঙ্গনা হেরাথকে স্পিন বোলিং কোচ হিসেবে রেখে দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু বিসিবির দেয়া প্রস্তাব নাকচ করায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় হেরাথের। মাঝে খানিকটা বিশ্রামে থাকার পর পুনরায় কোচিংয়ে ফিরছেন টাইগারদের এ কোচ। তবে বাংলাদেশের হয়ে নয় নতুন করে দায়িত্ব তুলে নিয়েছেন নিউজিল্যান্ড জাতীয় দলের।
তবে সংক্ষিপ্ত সময়ের জন্য তিনি কিউইদের ডাগআউটে থাকবেন। তার সঙ্গে কিউই বোর্ডের চুক্তি মাত্র ৩ টেস্টের জন্য। আগামী দুই মাসে এশিয়ায় ৬টি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। যার শুরুটা হচ্ছে নয়ডায় আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে।
সেই ম্যাচের আগে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) শুক্রবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে। তিনি মূলত পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুশতাকের স্থলাভিষিক্ত হচ্ছেন। কেননা তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেয়ার আগে নিউজিল্যান্ড ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট শেষে শ্রীলঙ্কায় দুটি টেস্ট খেলবে কিউইরা। এই তিনটি টেস্টের জন্য কিউইদের স্পিন বোলিং কোচ হচ্ছেন বাংলাদেশের সাবেক কোচ হেরাথ। শ্রীলঙ্কা সিরিজ শেষে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড।
































