গ্যাস বিতরণ কোম্পানি তিতাস ঘুষ-দুর্নীতির আখড়া। আর এসব অনিয়মের কেন্দ্রে থাকেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) শীর্ষ কয়েকজন কর্মকর্তা।
তিতাসের এমডি হারুনুর রশীদ মোল্লাহর বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি অন্তত ১৫০টি প্রতিষ্ঠানকে গ্যাসের নতুন সংযোগ দিয়ে ও লোড বৃদ্ধি করে অন্তত ৪৫০ কোটি টাকা ঘুষ নিয়েছেন। প্রতিটি সংযোগ ও লোড বৃদ্ধির ক্ষেত্রে ঘুষের রেট ছিল ৩ থেকে ৫ কোটি টাকা। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে, তাঁর সময়ে অন্তত ১ হাজার ২৫০টি অবৈধ গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে। এসব অবৈধ সংযোগ থেকে মাসে মাসে মোটা অঙ্কের অর্থ নিয়ে থাকে তাঁর নেতৃত্বাধীন সিন্ডিকেট।
এই প্রতিষ্ঠান থেকে বিদায় নেওয়ার পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বড় অংশকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মুখোমুখি হতে হয়েছে। তিন বছর ধরে তিতাসের এমডি পদে আছেন হারুনুর রশীদ মোল্লাহ। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম-দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভেঙেছেন তিনি।
হারুনুর রশীদ মোল্লাহ তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এমডি পদে পদোন্নতি পান ২০২১ সালের সেপ্টেম্বরে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক ঘুষ ও অনিয়মের অভিযোগ উঠতে থাকে।
তারপরও ২০২৩ সালের আগস্টে তিতাসের এমডি পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। তাঁর এই নিয়োগে বড় ভূমিকা রাখেন শেখ হাসিনা সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তাঁদের মধ্যে এমন সম্পর্কের যোগসূত্র হলো, দুজনের বাড়িই ঢাকার কেরানীগঞ্জে। শুধু তা-ই নয়, হারুনুর রশীদ মোল্লাহ বিভিন্ন জায়গায় দাবি করতেন, তাঁর স্ত্রী নসরুল হামিদের স্ত্রীর বোন হন।
তবে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাতারাতি বিএনপিপন্থী সেজে গেছেন হারুনুর রশীদ। জানা গেছে, কেরানীগঞ্জে বাড়ি– বিএনপির এমন দুই নেতাকে দিয়ে তদবির করে ফের তিতাসের এমডি পদে চুক্তি নবায়নের চেষ্টা চালাচ্ছেন তিনি।
চুক্তি নবায়নের চেষ্টা নিয়ে উদ্বেগে আছেন তিতাসের কর্মকর্তারা। তাঁরা বলছেন, আওয়ামী লীগ সরকারের জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের ঘনিষ্ঠ হওয়ায় অনিয়ম-দুর্নীতি করে বারবার ছাড় পেয়ে গেছেন হারুনুর রশীদ। সাবেক প্রতিমন্ত্রীর ছত্রচ্ছায়ায় মন্ত্রণালয়ের অনুমতি না নিয়ে ক্যাপটিভ পাওয়ারে গ্যাস-সংযোগ, গ্যাসের নতুন সংযোগ ও অবৈধ সংযোগের দেদার বাণিজ্য করেছেন তিনি।
অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে নসরুল হামিদসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তাঁর বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে বহুবার। তবে কোনো তদন্ত হয়নি। তিতাস গ্যাসের এই ঘুষ-দুর্নীতি সিন্ডিকেটে প্রতিষ্ঠানটির এমডি হারুনুর রশীদের সঙ্গে রয়েছেন তিতাসের মহাব্যবস্থাপক অপর্ণা ইসলাম, মহাব্যবস্থাপক মো. লুৎফুল হায়দার মাসুম, মহাব্যবস্থাপক হাছান আহম্মদ ও মহাব্যবস্থাপক মো. সেলিম মিঞা। এই প্রভাবশালী কর্মকর্তাদের দৌরাত্ম্যে তিতাসের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা তোপের মুখে থাকেন।
তিতাসের কর্মকর্তারা বলছেন, দেশের কোনো গ্যাস বিতরণ সংস্থা ১০ মেগাওয়াটের বেশি কোনো ক্যাপটিভ পাওয়ার কেন্দ্রে গ্যাস সরবরাহ করতে চাইলে এ জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমতি নিতে হয়। ১০ মেগাওয়াটের বেশি—এমন অন্তত ২০টি ক্যাপটিভ বিদ্যুৎকেন্দ্রকে গ্যাস-সংযোগ দিয়েছেন তিতাসের বর্তমান এমডি হারুন, যেগুলোর একটিরও অনুমতি নেওয়া হয়নি।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অনুমতি ছাড়াই গ্যাস সরবরাহ করা প্রতিটি ক্যাপটিভ কেন্দ্র থেকে ৩ থেকে ৫ কোটি টাকা নেওয়া হয়েছে। বেশ কিছু ক্ষেত্রে তিতাসের এমডি ১০ মেগাওয়াটকে ভেঙে একাধিক ভাগে লোড দিয়েছেন।এতে কৌশলে এড়ানো গেছে মন্ত্রণালয়ের অনুমতি। এ ছাড়া অন্তত ১০০ ক্যাপটিভ কেন্দ্রকে গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে ঘুষের বিনিময়ে।
অনুসন্ধানে জানা গেছে, ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় এনআর গ্রুপের কারখানায় পৃথক তিনটি গ্রাহক সংকেত নম্বর দিয়ে ২৪.৯২ মেগাওয়াট ক্যাপটিভে গ্যাস-সংযোগ দিয়েছে তিতাস। এর মধ্যে এনআরজি স্পিনিং মিলসের নামে ১৬.২৫ মেগাওয়াট, এনআরজি কম্পোজিট ইয়ার্ন ডাইনকে ৩.৮৭ মেগাওয়াট ও এনআরজি নিট কম্পোজিটকে ৪.৮০ মেগাওয়াট গ্যাস দেওয়া হয়। এই তিন প্রতিষ্ঠানের ঠিকানা একই। এ ছাড়া একই কারখানায় এনআরজি হোমটেক্সের নামে ৭.৭৮ মেগাওয়াট ক্ষমতার ক্যাপটিভ কেন্দ্রে সংযোগ অনুমোদন দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, ২০২২ সালের এপ্রিলে তিতাস গ্যাসের ৮৮১তম বোর্ড সভায় ১৬টি ক্যাপটিভ সংযোগ দেওয়া হয়েছে। এগুলো ছিল ঘুষ ও তদবিরের সংযোগ।
গত বছরের সেপ্টেম্বর গাজীপুরের সিলভার টেক্সটাইল মিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কাছে গ্যাস-সংযোগের আবেদন করে। ওই আবেদনে জ্বালানিমন্ত্রীর (তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা) কোনো সুপারিশ ছিল না। তবে সেই আবেদনের ফাইল ঢাকায় আনার জন্য তিতাসের গাজীপুর অফিসকে নির্দেশ দেন এমডি হারুন। সেখানে বলা হয়, এটি জ্বালানিমন্ত্রীর তদবির। এরপরই সিলভার টেক্সটাইল মিল সংযোগ পেয়ে যায়।
পরে প্রধানমন্ত্রীর নামে এমন নির্দেশনা দেখে গত বছরের ২৯ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জ্বালানি বিভাগের সচিবকে চিঠি পাঠানো হয়। চিঠিতে প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে ঘুষের মাধ্যমে শিল্পপ্রতিষ্ঠানে গ্যাস-সংযোগ প্রদানের বিষয়ে ব্যবস্থা নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে এই চিঠি পর্যন্তই ঘটনা শেষ। এই ঘটনারও বিচার হয়নি।
অনুসন্ধানে আরও জানা যায়, মেঘনা গ্রুপের এভারেস্ট পাওয়ার জেনারেশন ৮ মেগাওয়াট অতিরিক্ত লোড চালাচ্ছিল। এ জন্য লাইনটি কেটে দেওয়া হয়। পরে তিতাস বোর্ডের অনুমোদন ছাড়াই ৩ কোটি টাকা ঘুষ নিয়ে ফের সংযোগ দেওয়া হয়। এ ছাড়া রুপালি ডাইংয়ে মিটার টেম্পারিং করে অবৈধভাবে বা চুরি করে গ্যাস নেওয়ার কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। আবার ঘুষ নিয়ে ওই রাতে সংযোগ দেওয়া হয়।





























