বেলজিয়ামে অনুষ্ঠিত প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে স্বাগতিক স্ট্যান্ডার্ড লিজকে ১-০ গোলে হারিয়েছে জুভেন্টাস। ফাবিও মিরেত্তির করা একমাত্র গোলটিতে ভর করে চলতি গ্রীষ্মে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে ইতালিয়ান ক্লাবটি।
গত সপ্তাহে বাসেলের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর এটি ছিল জুভেন্টাসের প্রধান কোচ লুসিয়ানো স্প্যালেট্টির অধীনে দ্বিতীয় প্রাক-মৌসুম পরীক্ষা। ২০২৬ সালের বিশ্বকাপে অংশ নেওয়ার পর দলের বেশ কয়েকজন তারকা ফুটবলার এখনো ছুটিতে থাকায় মূল দলের অনেক খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামতে হয়েছিল বিয়ানকোনেরিদের। দলে ছিলেন না গ্লেয়িসন ব্রেমার, ওয়েস্টন ম্যাককেনি, ফ্রান্সিসকো কনসেইসাও এবং জোনাথন ডেভিড। এছাড়া পুরোপুরি ফিট না হওয়ায় খেফরেন থুরাম এবং কেনান ইয়িলদিজও বেলজিয়ামের এই ম্যাচে স্কোয়াডে ছিলেন না।
অভিজ্ঞ ও তরুণদের মিশ্রণে গড়া জুভেন্টাস দলে একমাত্র সিনিয়র সেন্টার-ফরোয়ার্ড হিসেবে লোইস ওপেনদা থাকলেও তাকে শুরুর একাদশে রাখা হয়নি। ফরাসি লিগ ওয়ানের ক্লাব লিঁওতে ধারে যাওয়ার প্রক্রিয়ার মধ্যে থাকায় তাকে মাঠের বাইরে রাখা হয়। ফলে শুরুর একাদশে সুযোগ পান ১৮ বছর বয়সী স্ট্রাইকার আরমান দুরমিশ। আক্রমণে তাকে সহায়তা করেন ভাসিলিজ আদজিচ এবং জেরেমি বোগা। আর সেন্ট্রাল মিডফিল্ডে শুরু থেকে খেলেন ম্যানুয়েল লোকাতেল্লি ও ডগলাস লুইজ।
ম্যাচের শুরুতেই জুভেন্টাসকে চেপে ধরে স্বাগতিক স্ট্যান্ডার্ড লিজ। দশম মিনিটে গুস্তাভ মর্টেনসেনের ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন তিমোথে এনকাদা। ২২ মিনিটে আন্দ্রেয়া ক্যাম্বিয়াসোর এক ভুলের সুযোগ নিয়ে গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা, তবে ফেদেরিকো গাত্তির দুর্দান্ত ব্লকের কারণে সে যাত্রা বেঁচে যায় জুভেন্টাস। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে ডগলাস লুইজ ও ম্যানুয়েল লোকাতেল্লির শট গোলবারের ওপর দিয়ে চলে গেলে কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতে স্প্যালেট্টি দলে ব্যাপক পরিবর্তন আনেন। ৩-৪-২-১ ফরমেশন থেকে দল খেলানো শুরু করেন ৪-২-৩-১ ফরমেশনে। বদলি হিসেবে মাঠে নামেন মাতিয়া পেরিন, জেকি চেলিক, জোয়াও মারিও, আর্থার মেলো, ফাবিও মিরেত্তি এবং জাস্টিন ওবোয়াওডুও।
এই পরিবর্তনের ফল আসে দ্রুতই। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১০ মিনিটের মাথায় ডি-বক্সের সীমানা থেকে নেওয়া এক জোরালো ফ্রি-কিকে গোল করে জুভেন্টাসকে এগিয়ে নেন মিরেত্তি। এর কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন এই মিডফিল্ডার। তবে শট নেওয়ার সময় ভারসাম্য হারানোর কারণে ইবে হাউটেকিয়েটের ব্লকে তা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।
ম্যাচে স্ট্যান্ডার্ড লিজের শুরুর একাদশে ছিলেন: ইপোলো, মর্টেনসেন, হাউটেকিয়েট, কারামোকো, ড্রামেহ, ফসি, ইলাইমাহারিত্রে, ট্রুইলেট, নিলসেন, আবিদ ও এনকাদা।
জুভেন্টাসের প্রথমার্ধের একাদশ (৩-৪-২-১): দি গ্রেগোরিও, কালুলু, গাত্তি, কেলি, ক্যাম্বিয়াসো, লোকাতেল্লি, ডি. লুইজ, লিচিনা, আদজিচ, বোগা ও দুরমিশ।
জুভেন্টাসের দ্বিতীয়ার্ধের একাদশ (৪-২-৩-১): পেরিন, চেলিক, কালুলু, কেলি, জে. মারিও, আর্থার, লোকাতেল্লি, ক্যাম্বিয়াসো, মিরেত্তি, ওবোয়াওডুও ও বোগা।






























