পেশাগত দক্ষতা, সততা ও শৃঙ্খলার ওপর ভিত্তি করে কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর পদোন্নতি পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাব যেন না পড়ে।
রোববার (২৬ জুলাই) সেনাসদরে 'সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬'-এর প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এবারের নির্বাচনি পর্ষদে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের নাম বিবেচনা করা হবে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশের যেকোনো সংকটময় পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনী যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। দেশের কল্যাণে সেনাবাহিনীর এই অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাসদরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। শত ব্যস্ততার মাঝেও পদোন্নতি পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান।
উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশের সেবায় নিয়োজিত থাকা অবস্থায় প্রাণ হারানো সেনাসদস্যদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
প্রধানমন্ত্রী সেনা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, নেতৃত্ব, পেশাদারিত্ব, বিশ্বস্ততা ও আনুগত্যের নিরিখেই কর্মকর্তাদের মূল্যায়ন করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে একটি ফটোসেশনে অংশ নেন এবং কার্যালয়ের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।



























