২০১৮ সালে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক এবং বর্তমান ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।
আইএসপিআর থেকে জানানো হয়, বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ। তাকে বরিশাল অফিসার্স মেস থেকে সেনা হেফাজতে নিয়ে ঢাকায় আনা হয়েছে। বর্তমানে তিনি ঢাকা সেনানিবাসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছেন এবং বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
২০১৮ সালে টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনায় তৎকালীন র্যাব-৭-এর অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, একরামুল হককে গুলি করে হত্যার সময় ঘটনাস্থলে মিফতাহ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট বাহিনীর কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেকনাফের কাউন্সিলর একরামুল হক হত্যা মামলায় অভিযোগ দাখিল করা হয়েছে। ওই অভিযোগে মোট ১১ জনকে আসামি করা হয়েছে এবং ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
এর আগে ২০২১ সালে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যেসব বাংলাদেশি কর্মকর্তার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাদের মধ্যে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের পাশাপাশি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদের নামও ছিল। আইএসপিআর জানিয়েছে, বিষয়টি আইনানুগ প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।

























