যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় করিডোরে রবিবার সন্ধ্যা থেকে ব্যাপক বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস পাওয়া গেছে। এই ঝড়ের প্রভাবে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বইতে পারে, যা সোমবার সন্ধ্যার যাতায়াত ব্যবস্থায় বিঘ্ন ঘটাতে পারে। বিশেষ করে তীব্র বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
গ্রেট লেকস এবং ওহাইও উপত্যকা এলাকাগুলো এই ঝড়ের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সমভূমি এলাকা জুড়ে থাকা তাপের বলয়ের কিনারা ঘেঁষে পূর্ব মিনেসোটা এবং উত্তর উইসকনসিনের মধ্য দিয়ে এই ঝড় বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। প্রচুর তাপ ও আর্দ্রতার কারণে এই ঝড়ের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। অ্যাকুওয়েদার-এর আবহাওয়াবিদ ব্র্যান্ডন বাকিংহামের মতে, রবিবার সন্ধ্যা নাগাদ এই সিস্টেমটি ব্যাপক আকার ধারণ করতে পারে। এতে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ঘণ্টায় ৮৫ মাইল গতিবেগের শক্তিশালী বাতাসের ঝাপটা বয়ে যেতে পারে, যা ধীরে ধীরে গ্রেট লেকস অঞ্চলের দিকে অগ্রসর হবে।
বাকিংহাম আরও জানান, বজ্রপাতের সঠিক স্থান নির্ধারণ করা ঝড়ের মাত্র কয়েক ঘণ্টা আগে পর্যন্ত কঠিন। এর আগে শনিবার রাতে সাউথ ডাকোটার সিউক্স ফলসে এই একই ঝড় ঘণ্টায় ৮০ মাইল বেগে আঘাত হেনেছে, যার উপকণ্ঠে বাতাসের গতিবেগ ৯০ মাইল ছাড়িয়ে গিয়েছিল। এর ফলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঝড়টি পূর্ব দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে গাছপালা ভেঙে পড়া এবং বিদ্যুৎ বিভ্রাটের সম্ভাবনা রয়েছে। সোমবার বিকেল ও সন্ধ্যার দিকে বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এই দুর্যোগ পরবর্তীতে উত্তর-পূর্ব এবং মধ্য-আটলান্টিক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে, যা নিউ ইয়র্ক সিটি থেকে নর্থ ক্যারোলিনার রেলি পর্যন্ত ইন্টারস্টেট-৯৫ করিডোরের যাতায়াতে প্রভাব ফেলবে।
ঝড়টির উত্তরাংশে দীর্ঘস্থায়ী ভারী বৃষ্টির ফলে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত বাফেলো থেকে বোস্টন পর্যন্ত আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। বুধবার নাগাদ নিউ ইংল্যান্ডের কিছু অংশেও এই দুর্যোগের প্রভাব পড়তে পারে, বিশেষ করে শহরের নিচু এলাকা ও যেখানে নিষ্কাশন ব্যবস্থা দুর্বল সেখানে বন্যার সম্ভাবনা রয়েছে। এদিকে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে তীব্র দাবদাহ অব্যাহত থাকবে। রবিবার ও সোমবার তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে এবং রকিজ, সমভূমি ও মিসিসিপি উপত্যকার কিছু অংশে তাপ সূচক ১০৫ থেকে ১১৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে।
























