জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ "দ্য সোপ্রানোস"-এ সালভাতোর বনপেনসিয়েরো চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা ভিনসেন্ট পাস্তোর মারা গেছেন। গত শনিবার (১ আগস্ট) নিউ ইয়র্কের ব্রঙ্কসে নিজ বাড়ি থেকে ৮০ বছর বয়সী এই অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়।
পাস্তোরের দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময়ের ম্যানেজার রবার্ট আটারম্যান ইউএসএ টুডেকে এই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। ডেডলাইনের প্রতিবেদন অনুযায়ী, এক প্রতিবেশী টানা তিন দিন পাস্তোরের কোনো খোঁজ না পেয়ে পুলিশকে জানান। এরপরই তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। মৃত্যুকালে তিনি মেয়ে রেনিকে রেখে গেছেন।
ম্যানেজার আটারম্যান এক বিবৃতিতে পাস্তোরকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "ভিনি আমার দেখা অন্যতম দয়ালু ও উদার মনের মানুষ ছিলেন। তিনি সবার সঙ্গে উষ্ণতা ও শ্রদ্ধার সাথে আচরণ করতেন। অটোগ্রাফ বা ছবি তুলতে চাওয়া কোনো ভক্তকে তিনি কখনো ফিরিয়ে দিতেন না। যারা তাকে সমর্থন করতেন, তাদের তিনি আন্তরিকভাবে মূল্যায়ন করতেন এবং বিশেষ অনুভব করাতেন।" তিনি আরও বলেন, পাস্তোর অভিনয়কে প্রচণ্ড ভালোবাসতেন এবং তরুণ অভিনেতাদের সবসময় দিকনির্দেশনা ও উৎসাহ দিতেন। আটারম্যানের কাছে পাস্তোরের চলে যাওয়া অত্যন্ত ব্যক্তিগত এক ক্ষতি।
এইচবিও-র এমিজয়ী সিরিজ "দ্য সোপ্রানোস"-এ টনি সোপ্রানোর (জেমস গ্যান্ডলফিনি অভিনীত) ঘনিষ্ঠ চক্রের এক গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান পাস্তোর। তবে গ্যাংস্টার বা মবস্টার ঘরানার অভিনয়ে এটিই তার একমাত্র কাজ ছিল না। ১৯৯০ সালের "গুডফেলাস" এবং ১৯৯৩ সালের "কার্লিটোস ওয়ে" চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। এছাড়া ১৯৯৬ সালে মুক্তি পাওয়া এইচবিওর টিভি সিনেমা "গট্টি"-তেও তিনি অভিনয় করেছিলেন।
তার দীর্ঘ অভিনয় জীবনে তিনি "দ্য জার্কি বয়েজ: দ্য মুভি" (১৯৯৫), "দ্য ডেলি" (১৯৯৭), "উইটনেস টু দ্য মব" (১৯৯৮), "মিকি ব্লু আইজ" (১৯৯৯), "শার্ক টেল" (২০০৪), "ওয়ান্স আপন এ টাইম ইন ব্রুকলিন" (২০১৩) এবং "স্পিনিং গোল্ড" (২০২৩) এর মতো অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন।
ছোট পর্দায় "ল অ্যান্ড অর্ডার", "নিউ ইয়র্ক আন্ডারকভার", "বুল", "জেনারেল হসপিটাল" এবং "পেয়ার অব কিংস"-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে অভিনয় করেছেন পাস্তোর। পাশাপাশি "ড্যান্সিং উইথ দ্য স্টারস" এবং "সেলিব্রিটি ফ্যামিলি ফিউড"-এর মতো রিয়েলিটি শোতেও অংশ নেন তিনি। এমনকি জনপ্রিয় শো "শার্ক ট্যাংক"-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অভিনয়ের পাশাপাশি ২০০৪ সাল থেকে সিরিয়াসএক্সএম (SiriusXM) রেডিওতে "দ্য ওয়াইজ গাই" নামে একটি শো পরিচালনা করতেন তিনি। এই শোতে ইতালীয়-আমেরিকান সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিত্বরা অংশ নিতেন। অভিনয়ে আসার আগে ভিনসেন্ট পাস্তোর ভিয়েতনাম যুদ্ধের সময় তিন বছর নৌবাহিনীর নাবিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।





























