এসএ২০ টুর্নামেন্টের পঞ্চম মৌসুমের জন্য জোহানেসবার্গ সুপার কিংসের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার অ্যালবি মরকেল। বৃহস্পতিবার ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে গত চার মৌসুম দায়িত্ব পালন করা স্টিফেন ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত হলেন মরকেল।
অ্যালবি মরকেল এই ফ্র্যাঞ্চাইজির জন্য নতুন কোনো মুখ নন। এসএ২০-এর উদ্বোধনী মৌসুম থেকেই তিনি জোহানেসবার্গ সুপার কিংসের সাথে যুক্ত রয়েছেন। এর আগে খেলোয়াড় হিসেবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়েও প্রতিনিধিত্ব করেছেন তিনি।
মরকেলের নিয়োগ নিয়ে সুপার কিংসের মালিক রুপা গুরুনাথ বলেন, অ্যালবি মরকেল বছরের পর বছর ধরে আমাদের কোচিং গ্রুপের একজন অমূল্য সদস্য। তিনি সুপার কিংসের মূল্যবোধ সম্পর্কে ভালোভাবেই অবগত। এছাড়া খেলোয়াড় ও স্টাফদের সাথে তার শক্তিশালী সম্পর্ক রয়েছে এবং নেপথ্যে থেকে খেলোয়াড় তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাকে নতুন ভূমিকায় এবং দলের পরবর্তী অধ্যায়ে নেতৃত্ব দিতে দেখে আমরা অত্যন্ত আনন্দিত।
জোহানেসবার্গ সুপার কিংসের পরিচালক কেএস বিশ্বনাথন মরকেলের প্রশংসা করে বলেন, খেলোয়াড় এবং কোচ—উভয় হিসেবেই আমাদের সংস্কৃতির সাথে পরিচিত হওয়ার কারণে তিনি আমাদের পরিবেশটা ভালো বোঝেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটীয় প্রেক্ষাপট সম্পর্কে তার নেতৃত্ব ও বোঝাপড়া আমাদের সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দারুণ আত্মবিশ্বাস যোগাবে।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে মরকেল জানান, জোহানেসবার্গ সুপার কিংসের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া তার জন্য এক অবিশ্বাস্য সম্মান। খেলোয়াড় হিসেবে সুপার কিংসের জার্সি পরা থেকে শুরু করে এখন প্রধান কোচ হিসেবে নেতৃত্ব দেওয়া পর্যন্ত এই যাত্রাটি তার কাছে অত্যন্ত বিশেষ। তিনি বলেন, আমরা একসাথে যে শক্তিশালী ভিত্তি তৈরি করেছি, তার ওপর ভিত্তি করে দলটিকে পূর্ণ সক্ষমতায় পৌঁছে দিতে আমি উন্মুখ হয়ে আছি।
উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে এসএ২০-এর লিগ পর্যায়ে জোহানেসবার্গ সুপার কিংস চতুর্থ স্থান অর্জন করেছিল এবং পরবর্তীতে এলিমিনেটর ম্যাচে পরাজিত হয়।


























