দেশে গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের প্রকোপে প্রাণহানি বেড়েই চলেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত কয়েক মাসে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২৫ জনে। সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কেউ মারা না গেলেও উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে মোট ৭৩০ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হওয়া ৯৫টি শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বুলেটিনে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে ১৫ হাজার ৫৫৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে আক্রান্তদের মধ্যে ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।



























