চলতি বছরের আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। রবিবার (২৬ জুলাই) সংগঠনটির সদস্যসচিব আশিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আলটিমেটাম দেওয়া হয়। বিবৃতিতে জানানো হয়েছে, আগামী আগস্টের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা না হলে প্রথমে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা সফল না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে একটি সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু এখন পর্যন্ত নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়ায় কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন রাখেন যে, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন ঠিক কোথায় আটকে আছে।
তিনি আরও বলেন, এই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতা ও জনসেবার মান আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনটির সদস্যসচিব জানান, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সবসময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। তাই প্রথমেই আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে। তবে সেই উদ্যোগ ব্যর্থ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে পরবর্তী করণীয় নির্ধারণ করে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

























