দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান। শুক্রবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ) আয়োজিত ‘আগামীর বরিশাল বিভাগ: সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আন্দালিভ রহমান বলেন, আমরা যদি মানসম্পন্ন রাজনৈতিক নেতৃত্ব তৈরি করতে না পারি, তবে কোনো ধরনের উন্নয়নই টেকসই হবে না। গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে, এমনকি রাজনীতিবিদদের প্রতি মানুষের অনাস্থা তৈরি হওয়ায় অনেক রাজনীতিবিদের সন্তানও রাজনীতিতে আসতে আগ্রহী নয়। তিনি তুলনা দিয়ে বলেন, ভালো উপাদান থাকলেও যেমন দক্ষ বাবুর্চি ছাড়া ভালো খাবার পাওয়া যায় না, তেমনি ভালো মানুষ নেতৃত্বে না থাকলে উন্নয়ন ও অগ্রগতির সুফল পাওয়া সম্ভব নয়।
বরিশালের ঐতিহ্য ও অবদানের কথা স্মরণ করে মন্ত্রী বলেন, ফুটবল থেকে শুরু করে রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে এ অঞ্চল থেকে অনেক গুরুত্বপূর্ণ নেতা উঠে এসেছেন, যারা দেশের সফলতায় ভূমিকা রেখেছেন। শেরেবাংলা এ কে ফজলুল হকের মতো নেতাদের ঐতিহ্যের ধারাবাহিকতায় ভবিষ্যতেও বরিশাল থেকে যোগ্য নেতৃত্ব সামনে আসতে হবে। তিনি বলেন, শুধু বরিশাল নয়, সারা বাংলাদেশেই এ সংকট রয়েছে। তাই মেধাবী তরুণদের রাজনীতিতে উৎসাহিত করতে অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।
তথ্যমন্ত্রী আরও বলেন, যারা বর্তমানে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্ম থেকে যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে নিয়ে আসার পথ প্রশস্ত করা। ডাক্তার, প্রকৌশলী বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি দেশের সবচেয়ে মেধাবী তরুণরা যদি দেশ পরিবর্তনের প্রত্যয় নিয়ে রাজনীতিতে আসে, তবেই ইতিবাচক পরিবর্তনের সূচনা হবে। অবকাঠামো উন্নয়ন বা শিল্পায়নের পাশাপাশি মানসম্মত ও টেকসই উন্নয়নের জন্য ভালো মানুষের নেতৃত্বে আসার কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।




























