ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা নতুন করে খোলার পর সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি যুক্ত করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক ছবি বাদ দেওয়া নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। গতকাল রোববার সংস্কারের পর সংগ্রহশালাটি উন্মুক্ত করার পর আজ সোমবার সেখানে সাঁটানো জিন্নাহর তিনটি ছবি ভাঙচুর ও ছিঁড়ে ফেলা হয়েছে। এর প্রতিবাদে সেখানে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত গোলাম আযমকে জুতাপেটা করার ছবি টাঙিয়েছেন ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা।
সংগ্রহশালায় আগে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন আলোকচিত্রের পাশাপাশি শেখ মুজিবুর রহমানের গৌরবোজ্জ্বল একক ছবি থাকলেও এবার তা বাদ দেওয়া হয়েছে। বর্তমানে বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, ছেষট্টি সালের ছয় দফা, আটষট্টির আগরতলা মামলা, উনসত্তরের গণ-অভ্যুত্থান, সত্তরের নির্বাচন ও মুক্তিযুদ্ধের কোনো অংশে শেখ মুজিবুর রহমানের কোনো একক ছবি নেই। তবে ১৯৭১ থেকে ১৯৭৫ সালের অংশে ১৯৭৪ সালে তাঁর দুই ছেলের বিয়ের ছবি ও বাকশাল প্রতিষ্ঠাবার্ষিকীর একটি খবর রাখা হয়েছে। এছাড়া চুয়াত্তরের দুর্ভিক্ষের দুটি ছবি এবং ‘বাংলাদেশে কোনো বিরোধী দল নেই’ শীর্ষক সংবাদের পেপার কাটিং রয়েছে।
মুহাম্মদ আলী জিন্নাহর যে তিনটি ছবি রাখা হয়েছিল, তার মধ্যে ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ রেসকোর্স ময়দানে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিতর্কিত বক্তব্যের ছবি, ১৯৪০ সালের লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের সম্মেলনের দলগত ছবি এবং ১৯৭০ সালের নির্বাচন নিয়ে ডন পত্রিকার একটি প্রতিবেদন। জিন্নাহর ছবি রাখার বিষয়ে ডাকসুর মুক্তিযুদ্ধ ও আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা জানান, জিন্নাহকে গৌরবান্বিত করতে নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বক্তব্যের সূত্রে এবং ঐতিহাসিক ঘটনার অংশ হিসেবে ক্যাপশনসহ ছবিগুলো রাখা হয়েছিল। শেখ মুজিবের একক ছবি না থাকার বিষয়ে তিনি দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর ‘ফ্যাসিবাদের সব আইকনের’ ছবি সরানো হয়েছে। তবে নতুন করে ৭ মার্চের কাঠের আর্টওয়ার্ক, ছয় দফা আন্দোলন ও সেক্টর কমান্ডারদের ছবি যুক্ত করা হয়েছে। যদিও সরেজমিনে ঘুরে ছয় দফার অংশে শেখ মুজিবের কোনো একক ছবি দেখা যায়নি।
সংগ্রহশালায় শেরেবাংলা এ কে ফজলুল হক, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জেনারেল এম এ জি ওসমানী, নবাব সলিমুল্লাহ, জিয়াউর রহমান ও খালেদা জিয়াসহ বিভিন্ন বরেণ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবিও প্রদর্শন করা হয়েছে।
can-সংস্কার করা সংগ্রহশালাটিতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামের চিত্র স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ভাষা আন্দোলনের শহীদ ও সংগঠক পিয়ারু সরদার এবং কবি মাহবুব উল আলম চৌধুরীর ছবি। মুক্তিযুদ্ধের ১১ সেক্টর কমান্ডার, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ, শহীদ বুদ্ধিজীবী ও সাত বীরশ্রেষ্ঠের ছবির পাশাপাশি নিচে একটি খোদাই চিত্রে বঙ্গবন্ধু রয়েছেন।
সংগ্রহশালায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি, খালেদা জিয়া ও জিয়াউর রহমানের যৌথ ছবি এবং ১৯৭৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট পেপারের ছবি রয়েছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনের অংশে নূর হোসেনের আইকনিক ছবিসহ ১৪টি স্থিরচিত্র স্থান পেয়েছে। এছাড়া ২০১৩ সালের হেফাজতে ইসলামের আন্দোলন, শাহবাগ আন্দোলন, আবরার ফাহাদ ও সানি হত্যাকাণ্ড, ২০২০ সালের মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের ছবি থাকলেও ১৯৯১ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ের তেমন কোনো ছবি নেই। বরেণ্য সাহিত্যিকদের পাশাপাশি এতে স্থান পেয়েছে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা ও দাফনের ছবি।
এদিকে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে বিজয়ীদের ড্যাশবোর্ডে ভিপি পদে নুরুল হক নুরের নাম থাকলেও জিএস পদের জায়গাটি খালি রাখা হয়েছে। ওই নির্বাচনে বিজয়ী গোলাম রাব্বানীর ছাত্রত্ব নিয়ে বিতর্ক এবং পরবর্তীতে রাশেদ খানকে জিএস ঘোষণার সিদ্ধান্তের আইনি জটিলতার কারণে পদটি আপাতত ফাঁকা রাখা হয়েছে বলে জানিয়েছেন ফাতিমা তাসনিম জুমা। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।





























