আমেরিকার সাথে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ইউরোপের দিকে ঝুঁকছে কানাডা। এই প্রক্রিয়ার অংশ হিসেবে কানাডাকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রথম সহযোগী সদস্য (অ্যাসোসিয়েট মেম্বার) করার প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে এক কৌশলগত বৈঠকে তিনি এই সমর্থন ব্যক্ত করেন।
নিউফাউন্ডল্যান্ড উপকূলের কাছাকাছি অবস্থিত ফরাসি ভূখণ্ড সেন্ট-পিয়েরে অ্যান্ড মিকেলনে দুই নেতার এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভৌগোলিক দিক থেকে এই অঞ্চলে ফ্রান্স ও কানাডার দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতির প্রেক্ষাপটে ইউরোপের সাথে কানাডার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার এক চমৎকার উদাহরণ এই বৈঠক। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ, অর্থনৈতিক ছাড়ের দাবি এবং কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য করার অনবরত মন্তব্যের কারণে দেশটির ইউরোপমুখী হওয়ার গতি আরও ত্বরান্বিত হয়েছে। এমনকি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তর আমেরিকার মানচিত্রে মার্কিন পতাকা জুড়ে দিয়েছিলেন, যার মধ্যে কানাডা ও সেন্ট-পিয়েরে অ্যান্ড মিকেলনও অন্তর্ভুক্ত ছিল।
বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রন বলেন, ইউরোপীয় ইউনিয়নের সহযোগী সদস্য হিসেবে এবং ইউরোপীয় সম্প্রদায়ের একটি পূর্ণাঙ্গ অংশ হিসেবে কানাডার সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার এজেন্ডাকে আমরা দৃঢ়ভাবে সমর্থন করি। সম্প্রতি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন কানাডাকে ইইউ-এর প্রথম সহযোগী সদস্য করার প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ফ্রান্স ও কানাডার ভৌগোলিক দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার হলেও আমাদের মূল্যবোধ আরও অনেক বেশি কাছাকাছি। কার্নি মনে করেন, ইউরোপের সাথে সম্পর্ক গভীর হলে কানাডার সামনে বিকল্প পথ উন্মুক্ত হবে এবং একক কোনো দেশের অর্থনৈতিক চাপের মুখে পড়ার ঝুঁকি কমবে।
মধ্যপ্রাচ্যে ইরান যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে এবং জ্বালানির দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ফ্রান্সের তেল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবেও এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ম্যাক্রন জানান, কানাডায় প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল খনিজ উপাদান রয়েছে, পাশাপাশি তারা বড় ধরনের তেল ও প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী দেশ। ফ্রান্স চায় কানাডার সাথে এমন চুক্তি করতে যার মাধ্যমে ইউরোপের আটলান্টিক উপকূলে আরও বেশি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা সম্ভব হয়।
কার্নির কার্যালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে দুই নেতা মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ এবং কোয়ান্টাম কম্পিউটিং, স্যাটেলাইট ও সুপারকম্পিউটিংয়ের মতো উন্নত প্রযুক্তি নিয়ে আলোচনা করেছেন। সেন্ট-পিয়েরে অ্যান্ড মিকেলনের মাত্র ৫,৮০০ মানুষের এই ফরাসি ভূখণ্ডে ম্যাক্রন কার্নিকে বিমানবন্দরে স্বাগত জানান।
বৈঠক শেষে রবিবারই অটোয়ায় ফিরে যান কার্নি। সেখানে তিনি নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের সাথে প্রতিরক্ষা, আর্কটিক অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ এবং উদীয়মান প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। এরপর সোমবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। নরওয়ের প্রধানমন্ত্রীর সাথে যৌথ সংবাদ সম্মেলনে কার্নি স্পষ্ট করেন যে, ইউরোপীয় মিত্রদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার অর্থ এই নয় যে এটি আমেরিকার প্রতি কোনো বৈরী আচরণ। বরং বিশ্বজুড়ে শক্তিশালী সম্পর্ক থাকলে কানাডা আরও বেশি স্বাধীন ও স্থিতিস্থাপক অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারবে।
এদিকে শনিবার স্বাক্ষরিত একটি চুক্তির বিষয়ে সন্তোষ প্রকাশ করে ম্যাক্রন বলেন, ডেনমার্কের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনকে সম্মান জানানো হয়েছে। উত্তেজনা কমাতে সাহায্য করে এমন যেকোনো উদ্যোগই ইতিবাচক।





























