দেশের স্বাস্থ্যখাতকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে অবস্থিত জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারের বড় সাফল্য স্বাস্থ্য খাতের উন্নতির ওপর নির্ভরশীল। বিশেষ করে যেসব হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগী চিকিৎসার জন্য আসেন, সেসব হাসপাতালের বরাদ্দ বাড়ানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
কিডনি রোগীদের চিকিৎসা সেবার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন সরবরাহ করা হবে। এছাড়া চিকিৎসকদের দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
বক্ষব্যাধি হাসপাতালের উন্নয়নের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, ২০০৫ সালে বেগম খালেদা জিয়া এই হাসপাতালটির উদ্বোধন করেছিলেন। দীর্ঘ একুশ বছর পর হাসপাতালটিতে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হয়েছে এবং নতুন করে ৪০টি আইসিইউ বেড যুক্ত করা হয়েছে।





























