ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগের রায় নিয়ে গুঞ্জনের মাঝে সামাজিক যোগাযোগমাধ্যমে এক রসাত্মক প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলরক্ষক ডেভিড ডি গিয়া। বর্তমানে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় খেলা এই স্প্যানিশ তারকা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, "তাহলে… চলুন আলাপ করা যাক। আমি তাহলে কয়টি প্রিমিয়ার লিগ শিরোপা জিতলাম? 🤔"
শেখ মনসুর যুগে ম্যানচেস্টার সিটির জেতা প্রিমিয়ার লিগ শিরোপাগুলো কেড়ে নেওয়া হতে পারে—এমন কিছু অসমর্থিত খবরের পরই ডি গিয়া এই মন্তব্য করলেন। ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে কাটানো এই গোলরক্ষক ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একাধিকবার রানার্স-আপ হয়ে লিগ শেষ করেছিলেন।
২০১১-১২ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছিলেন ডি গিয়া। সেবার শেষ দিনে সার্জিও আগুয়েরোর নাটকীয় গোলে গোল ব্যবধানে পিছিয়ে পড়ে শিরোপা হারায় ইউনাইটেড। এরপর ২০১২-১৩ মৌসুমে স্যার অ্যালেক্স ফার্গুসনের বিদায়ী মৌসুমে ইউনাইটেডের হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জেতেন ডি গিয়া। তবে পরবর্তীতে ২০১৭-১৮ মৌসুমে হোসে মরিনহোর অধীনে ম্যানচেস্টার সিটির চেয়ে ১৯ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে শেষ করে রেড ডেভিলরা। এছাড়া ২০২০-২১ মৌসুমে ওলে গুনার সলশায়ারের অধীনে পেপ গার্দিওলার সিটির চেয়ে ১২ পয়েন্ট পেছনে থেকে আবারও রানার্স-আপ হয়েছিল তারা।
বিভিন্ন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আনা ১১৫টি অভিযোগের মধ্যে ১টি বাদে বাকি ১১৪টিতেই তারা দোষী সাব্যস্ত হয়েছে। তবে ক্লাবটির বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি এবং সিটি এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারে।
এদিকে, ম্যানচেস্টার সিটির এই আর্থিক অনিয়মের কারণে নিজেদের আর্থিক ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড। দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিটির নিয়ম লঙ্ঘনের কারণে তারা কতটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে তা বুঝতে তদন্ত শুরু করেছে ওল্ড ট্রাফোর্ডের ক্লাবটি। বিশেষ করে যেসব মৌসুমে তারা ম্যানচেস্টার সিটির পেছনে থেকে দ্বিতীয় স্থানে লিগ শেষ করেছিল, সেসব মৌসুমের হিসাব করা হচ্ছে। রানার্স-আপ হওয়ার কারণে ক্লাবটি যে বিপুল পরিমাণ আর্থিক বোনাস থেকে বঞ্চিত হয়েছিল, তা ক্ষতিপূরণ হিসেবে পাওয়ার আইনি দিকগুলো খতিয়ে দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড।
































