মার্কিন কৌতুক অভিনেতা ও টেলিভিশন তারকা বিলি গার্ডেল জানিয়েছেন যে, ডায়াবেটিস ধরা পড়ার পর ওজন কমানোর অস্ত্রোপচার (ব্যারিয়াট্রিক সার্জারি) সম্ভবত তাঁর জীবন বাঁচিয়েছে। সম্প্রতি পডকাস্টের সহ-সঞ্চালক টম প্যাপার সাথে আলাপকালে তিনি তাঁর এই স্বাস্থ্য পরিবর্তনের যাত্রা এবং এর পেছনের অনুপ্রেরণা নিয়ে খোলামেলা কথা বলেন।
গার্ডেল জানান, অতীতে তাঁর ওজন প্রায়ই ওঠানামা করত; প্রতি বছরই তাঁর ওজন প্রায় ৩০ পাউন্ডের মতো কমত বা বাড়ত। ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ 'মাই অ্যান্ড মলি' (Mike & Molly)-তে অভিনয়ের সময় তাঁর ওজন বেড়ে দাঁড়িয়েছিল ৩৭৫ পাউন্ডে। পরবর্তীতে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রচারিত 'বব হার্টস অ্যাবিশলা' (Bob Hearts Abishola) শোর সময় তাঁর ওজন কমে ২৭৫ পাউন্ডে নেমে আসে। এই ওজন কমানোর বিষয়ে কৌতুক করে তিনি বলেন, তাঁর চিকিৎসক তাঁকে সতর্ক করে বলেছিলেন যে, ৫০ বছর পার হওয়ার পর শরীরের ওয়ারেন্টি শেষ হতে শুরু করে।
সন্তানদের ভবিষ্যৎ এবং তাদের সঙ্গে সুস্থভাবে সময় কাটানোর তাগিদই গার্ডেলকে ওজন কমাতে এবং ব্যারিয়াট্রিক সার্জারি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল। তিনি বলেন, আমি যা কিছু জয় করেছি এবং যে সাফল্য পেয়েছি, তার পর কেবল একটি চেয়ারে আটকে থেকে জীবন পার করতে চাইনি। ওজন কমানোর লড়াইয়ে থাকা অন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা এই লড়াইয়ে ভুগছেন, তাদের বলব—আমি যদি পারি, তবে আপনারাও পারবেন। কেউ আপনাদের আত্মবিশ্বাস ভেঙে দিতে চাইলে কান দেবেন না। লক্ষ্য অর্জনে যা যা করা দরকার, সব করুন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে গার্ডেল জানান, তিনি টাইপ-২ ডায়াবেটিসের জন্য এক বছর ওজেম্পিক (Ozempic) ওষুধটি ব্যবহার করেছিলেন এবং এর মুখপাত্র হিসেবেও কাজ করেছিলেন। তখন এটি যে ওজন কমানোর ওষুধ হিসেবে কাজ করতে পারে, তা জানা ছিল না। তিনি বলেন, একটি ভালো অঙ্কের পারিশ্রমিক পাওয়ার পর আমি ওজেম্পিক নেওয়া বন্ধ করে সরাসরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিই, কারণ আমি নিজের জীবনে আমূল পরিবর্তন চেয়েছিলাম। তবে এটি যদি ওজন কমানোর ওষুধ হিসেবে কাজ করে তা আগে জানতাম, তবে হয়তো আমি এটিই ব্যবহার করে যেতাম।
ব্যারিয়াট্রিক সার্জারির কিছু নেতিবাচক দিক বা পার্শ্বপ্রতিক্রিয়া থাকলেও নিজের এই সিদ্ধান্তে অত্যন্ত সন্তুষ্ট গার্ডেল। এখন তিনি পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাতে পারছেন। নিজের পরিবর্তনের সুফল নিয়ে তিনি বলেন, এখন পরিবারের সঙ্গে ছুটিতে গিয়ে আমি দারুণ উপভোগ করি। আগে যখন আমরা নৌকায় বেড়াতে যেতাম এবং অন্যরা স্নরকেলিং করতে নামত, তখন আমাকে বলতে হতো, তোমরা যাও, এসে আমাকে বলো কেমন দেখলে। আগে আমি সমুদ্রে নামলে মাছেরা উল্টো দিকে পালাত, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে।
নিজের অতীত শারীরিক গঠন নিয়ে গার্ডেল বলেন, তরুণ বয়সে খেলাধুলা করা এবং ভালো জিনগত বৈশিষ্ট্যের কারণে তিনি দীর্ঘদিন অতিরিক্ত ওজন বহন করতে পেরেছিলেন। তবে একপর্যায়ে এসে শরীর আর সাড়া দিচ্ছিল না। তাঁর মতে, আপনি কখনোই এই পরিস্থিতিকে ফাঁকি দিয়ে বেশিদিন টিকে থাকতে পারবেন না।





























