রাজধানীর গুলশানে অবস্থিত টস বন্ড প্রাইভেট লিমিটেড নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বন্ড-সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত মদ অননুমোদিত গুদামে মজুত রাখার অভিযোগ রয়েছে। শুক্রবার ডিএনসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএনসি জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সমন্বয়ে গঠিত একটি যৌথ দল ওই ওয়্যারহাউসে অভিযান চালায়। অভিযানের সময় প্রতিষ্ঠানের রেজিস্ট্রার, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদিত সফটওয়্যার এবং গুদামে সংরক্ষিত পণ্যের সরেজমিন তথ্য যাচাই করা হয়।
পরিদর্শনকালে সফটওয়্যারে পণ্যগুলো প্রতিষ্ঠান থেকে ছাড় হয়েছে দেখানো হলেও গুদামে ১৪৪ ক্যান বিয়ার, ১২ বোতল হুইস্কি এবং ৬ বোতল নেমিরফ (ভদকা) পাওয়া যায়। এছাড়া গত ৩ সেপ্টেম্বর সফটওয়্যার সিস্টেমে ২ হাজার ২৫০ কার্টন হাইনেকেন বিয়ার ইন-বাউন্ড হিসেবে অন্তর্ভুক্ত দেখানো হলেও যৌথ অভিযানে ওই পণ্যগুলোর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। পাশাপাশি, চারতলা ওই ভবনের দুটি তলায় কাস্টমসের অনুমোদন-সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্রও পাওয়া যায়নি বলে ডিএনসি উল্লেখ করেছে।
ডিএনসির মহাপরিচালক মো. হাসান মারুফ জানিয়েছেন, এটি তাদের মাদকবিরোধী অভিযানের অংশ। অনিয়ম ও অসংগতি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে ওয়্যারহাউসটি সিলগালা করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।






























