নরসিংদী সদর উপজেলায় দীর্ঘদিনের বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি বাড়িতে ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে বাবু ওরফে শহীদুল্লাহ (২৬) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। হামলায় নিহতের দুই ভাইও গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সদর উপজেলার চৌয়ালা এলাকার লোকমান হোসেন পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পেছনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত বাবু চৌয়ালা এলাকার আবদুল কাদেরের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সংঘর্ষের সময় বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই হামলায় বাবুর দুই ভাই রুবেল (৩০) ও মিরাজ (২০) ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন। হামলার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নরসিংদী জেলা পুলিশ তৎপর রয়েছে।






























