জাপান ওপেন টেনিসের সেমিফাইনাল নিশ্চিত করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। তার প্রতিপক্ষ ডেনিস শাপোভালভ দ্বিতীয় সেটের প্রথম গেমের সময় ডান পায়ের উপরের অংশে চোট পাওয়ার কারণে ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হন। শাপোভালভ সরে দাঁড়ানোর আগ পর্যন্ত ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল, যেখানে বিশ্ব র্যাঙ্কিংয়ের ৪৬ নম্বর খেলোয়াড় শাপোভালভ তার বৈচিত্র্যময় শট এবং পাওয়ার ও স্পিনের মিশ্রণে আলকারাজকে বেশ বেগ দিচ্ছিলেন।
অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আলকারাজ কবজির চোট থেকে ফিরে এটি তার তৃতীয় টুর্নামেন্ট খেলছেন। গত মাসে তিনি ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। ফাইনালে ওঠার লড়াইয়ে আলকারাজ এখন মুখোমুখি হবেন স্বদেশি জউম মুনারের, যিনি ৮৬তম র্যাঙ্কিংয়ের ফরাসি খেলোয়াড় কিউরিয়ান জ্যাকুয়েটকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।
টুর্নামেন্টের অন্য এক ম্যাচে অঘটন ঘটিয়েছেন ভ্যালেন্টিন ভ্যাচেরোট। তিনি ফ্রান্সের আর্থার ফিলসকে ৭-৫, ৪-৬, ৬-৪ সেটে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন। ম্যাচটিতে ফিলস ৫-৩ গেমে এগিয়ে থেকে দুটি সেট পয়েন্ট অর্জন করলেও শেষ পর্যন্ত ছন্দ ধরে রাখতে পারেননি এবং টানা চার গেম হেরে প্রথম সেটটি হাতছাড়া করেন। দুই ঘণ্টা ২০ মিনিটের এই লড়াইয়ে ফিলস দ্বিতীয় সেট জিতে ম্যাচে ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ভ্যাচেরোটের কাছে হার মানতে হয়।
ভ্যাচেরোট সেমিফাইনালে জিরি লেহেকার মুখোমুখি হবেন। চেক প্রজাতন্ত্রের ২৩তম র্যাঙ্কিংয়ের খেলোয়াড় লেহেকা প্যারাগুয়ের অ্যাডলফো ড্যানিয়েল ভ্যালেজোকে ৬-১, ৬-১ সেটে হারিয়ে এক ঘণ্টারও কম সময়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন।






























