দেশের বাজারে অবৈধ ও চুরি যাওয়া মোবাইল ফোন বন্ধ করতে তৃতীয়বারের মতো ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালুর উদ্যোগ নিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী বছরের ১ জানুয়ারি থেকে দুই ধাপে এই ব্যবস্থা চালুর পরিকল্পনা তৈরি করা হয়েছে। তবে সরকারের নীতিনির্ধারণী সূত্রগুলো জানিয়েছে, বৈধ মোবাইল সেটের দাম সাধারণ মানুষের সহনশীল পর্যায়ে না এনে সম্পূর্ণ কঠোর অবস্থান নিতে চায় না সরকার।
এনইআইআর হলো বিটিআরসির একটি কেন্দ্রীয় তথ্যভান্ডার, যার মাধ্যমে দেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কগুলো ব্যবহার করে ফোনের আইএমইআই যাচাই করে অননুমোদিত বা চুরি হওয়া সেট শনাক্ত ও বন্ধ করা সম্ভব। কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, এটি বাস্তবায়নে দুই ধাপের কৌশল নেওয়া হয়েছে। প্রথম ধাপে দেশে বৈধভাবে উৎপাদিত ও আমদানি করা মোবাইল সেটগুলো শনাক্ত করা হবে, যেখানে তাৎক্ষণিকভাবে নিবন্ধিত সেট বাতিলের (ডি-রেজিস্ট্রেশন) কোনো সুযোগ থাকবে না। দ্বিতীয় ধাপে ডি-রেজিস্ট্রেশন ব্যবস্থা কার্যকর করে মোবাইল সেটের প্রকৃত বা সর্বশেষ ব্যবহারকারীর মালিকানা নিশ্চিত করা হবে।
অবৈধ সেটের ব্যবহার বন্ধে এর আগেও কয়েক দফা পদক্ষেপ নেওয়া হয়েছিল। ২০২১ সালের ১ জুলাই পরীক্ষামূলকভাবে প্রথম এনইআইআর চালু করা হলেও পরবর্তীতে স্বয়ংক্রিয়ভাবে ফোন বন্ধ করা এবং ক্লোন হ্যান্ডসেট শনাক্তের ফিচারগুলো বাদ দেওয়া হয়। এরপর অবৈধ সেটের কারণে বছরে অন্তত দুই হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৪ সালের ২৯ অক্টোবর বিটিআরসিকে চিঠি দেয়। পরে ২০২৫ সালের ২৮ জুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগ অনুমোদন দেওয়ার পর একই বছরের ১ ডিসেম্বর পূর্ণাঙ্গ চালুর সিদ্ধান্ত হয়। বিটিআরসি ২০২৬ সালের ১ জানুয়ারি সব সুবিধা কার্যকর করার প্রস্তুতি নিলেও ২০২৫ সালের ডিসেম্বরে অসংগঠিত বিক্রেতাদের বিক্ষোভ ও আসন্ন নির্বাচন বিবেচনায় স্বয়ংক্রিয় ব্লক করার সুবিধা ছাড়াই ব্যবস্থাটি চালু রাখা হয়। পরবর্তীতে চলতি বছরের ৯ জুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) অর্থনীতি ও জননিরাপত্তার স্বার্থে ব্যবস্থাটি পূর্ণাঙ্গ বাস্তবায়নের অনুরোধ জানালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সভায় আলোচনা শেষে ২০২৭ সালের ১ জানুয়ারির মধ্যে এটি চালুর প্রস্তাব করা হয়।
১ জানুয়ারি থেকে নতুন করে এটি চালুর অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে। তবে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, এর সঙ্গে বিপুলসংখ্যক ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকের স্বার্থ জড়িত থাকায় সরকার তাড়াহুড়া করতে চাইছে না। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এনবিআরের সঙ্গে যৌথ বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, রাজস্ব বৃদ্ধি করতে অবৈধ সেট বন্ধের বিকল্প নেই, তবে সাধারণ গ্রাহকদের ওপর এর আর্থিক প্রভাব বিবেচনায় নিয়ে কম দামে বৈধ সেট সরবরাহ নিশ্চিত করতে হ্যান্ডসেট প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা চলছে।
বিগত এক দশকে দেশে স্থানীয়ভাবে মোবাইল সংযোজন শিল্প গড়ে উঠলেও কেবল নিম্ন ও মধ্যম সারির হ্যান্ডসেট তৈরি সম্ভব হচ্ছে। অ্যাপল, গুগল, হুয়াওয়ে, মটোরোলা, স্যামসাং কিংবা শাওমির মতো ব্র্যান্ডগুলোর প্রিমিয়াম মডেল জটিল যন্ত্রাংশ, সীমিত বাজার চাহিদা ও জটিল সরবরাহ ব্যবস্থার কারণে দেশে তৈরি করা সম্ভব হচ্ছে না। বৈধ ফোনের দাম কমাতে শুল্ক ছাড় দেওয়া হলেও বৈশ্বিক বাজারে মেমোরি চিপের সংকটের কারণে ফোনসেটের দাম উল্টো বেড়েছে। গত বছরের শুরুতে যে স্মার্টফোনটি ১৩ হাজার টাকায় পাওয়া যেত, সেপ্টেম্বরে তার দাম বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার টাকায় এবং বছরের শেষ নাগাদ সর্বনিম্ন সেটের দাম ২৫ হাজার টাকা পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা ব্যবসায়ীদের।
মোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান এক্সেল টেলিকমের (স্যামসাং) নির্বাহী পরিচালক সাইফুদ্দীন টিপু জানান, মেমোরি চিপ সরবরাহকারী বিশ্বজুড়ে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান থাকায় তাদের নির্ধারণ করা বাড়তি দামে চিপ কিনতে হচ্ছে, যা উৎপাদন ব্যয় একলাফে বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে বাজারের প্রায় ৭৫ শতাংশ অনানুষ্ঠানিক (আনঅফিশিয়াল) ফোন মূলত রিফার্বিশড বা ব্যবহৃত বলে দাবি বৈধ উৎপাদকদের। টেলিযোগাযোগ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্ত ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন পরামর্শ দিয়েছেন, মেমোরি চিপ, ক্যামেরা, ডিসপ্লে ও ব্যাটারির খুচরা যন্ত্রাংশের ওপর আমদানি শুল্ক কমারে দেশীয় ফোনের দাম নিয়ন্ত্রণে আসবে, যা ছাড়া এনইআইআর বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
বছরের শেষ নাগাদ সর্বনিম্ন দামের স্মার্টফোনের দাম ২৫ হাজার টাকা পর্যন্ত যেতে পারে বলে আশঙ্কা করছেন উৎপাদকেরা।.শুল্ক কমানোর আগেই বিভিন্ন ব্র্যান্ডের মুঠোফোনের দাম ৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।





























