অতিরিক্ত গরম হয়ে পুড়ে যাওয়ার ঝুঁকির কারণে বেবি ব্রিজা এন্টারপ্রাইজেস প্রায় ২৯ হাজার 'সুপারফাস্ট স্টেরিলাইজার ড্রায়ার' বাজার থেকে ফেরত নেওয়ার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কনজ্যুমার প্রোডাক্ট সেফটি কমিশন (সিপিএসসি) ৫ নভেম্বর এই রিকল বা পণ্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কাউন্টারটপ সরঞ্জামগুলো মূলত ১০ মিনিটের মধ্যে শিশুদের দুধের বোতল, ব্রেস্ট পাম্পের যন্ত্রাংশ এবং অন্যান্য অনুষঙ্গ জীবাণুমুক্ত ও শুকানোর কাজে ব্যবহৃত হয়। তবে ব্যবহারের সময় ডিভাইসগুলো অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা এর প্লাস্টিকের অংশ গলে যাওয়ার ৩২টি অভিযোগ পাওয়া গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিকলের আওতায় থাকা মডেল নম্বরগুলো হলো BRZ0083, BRZ0154 এবং BRZ0156। গ্রাহকরা ডিভাইসের নিচে থাকা লেবেল দেখে এই মডেল নম্বর যাচাই করতে পারবেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত পণ্যগুলো টিজে ম্যাক্স (TJ Maxx), মার্শলস (Marshalls) এবং অনলাইনে বেবি ব্রিজা, টার্গেট ও বেবিলিস্ট প্ল্যাটফর্মে বিক্রি হয়েছে। এগুলোর দাম ছিল ১৬০ থেকে ১৮০ ডলারের মধ্যে।
পণ্য ব্যবহারকারীদের অবিলম্বে এই যন্ত্রগুলো ব্যবহার বন্ধ করার পরামর্শ দেওয়া হয়েছে। বেবি ব্রিজার রিকল ওয়েবসাইট বা মূল ওয়েবসাইটে গিয়ে 'প্রোডাক্ট সেফটি রিকল' অপশন থেকে গ্রাহকরা বিনামূল্যে পণ্য পরিবর্তনের জন্য নিবন্ধন করতে পারবেন। এর বিনিময়ে কোম্পানিটি বিনামূল্যে নতুন পণ্য সরবরাহ করবে।
































