রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জ্বলন্ত ওই বাস থেকে ধোঁয়া মেট্রোরেল স্টেশনের ভেতরে ঢুকে পড়লে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে স্টেশন থেকে বেরিয়ে আসেন। এই ঘটনার পর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মেট্রোরেল স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর সন্ধ্যা ৭টা ২ মিনিটে পুনরায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্রে জানা গেছে, স্টেশনের ডিজেল জেনারেটরের ঠিক পাশেই বাসে আগুন দেওয়া হয়। জেনারেটরে প্রায় এক হাজার লিটারের মতো ডিজেল থাকায় বড় ধরনের বিপদের আশঙ্কায় যাত্রীদের দ্রুত স্টেশন থেকে সরিয়ে নেওয়া হয়। ধোঁয়ার কারণে স্টেশনের ফায়ার অ্যালার্মও বেজে ওঠে।
মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান জানান, বাসটির চালক বা কোনো যাত্রীকে পাওয়া যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আগুন দেওয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
একই দিনে রাজধানীতে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় ফয়সাল ও সুকুমার হালদার নামে দুজনকে আটক করেছে পুলিশ। তাঁদের বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণের পর দুজনকে আটক করে মারধর করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে তাঁদের শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।






























