জার্মানি জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়ুর্গেন ক্লপ। ৫৯ বছর বয়সী এই জার্মান কোচের চুক্তি হয়েছে ২০৩০ সালের বিশ্বকাপ পর্যন্ত। স্পেন, পর্তুগাল ও মরক্কোর যৌথ আয়োজনে ২০৩০ বিশ্বকাপ এবং দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠেয় শতবর্ষী তিনটি ম্যাচ পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন।
চলতি বছরের জুলাইয়ের শুরুতে সাবেক কোচ ইউলিয়ান নাগেলসম্যানের পদত্যাগের পর থেকেই ক্লপ এই দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। প্যারাগুয়ের কাছে শেষ ৩২-এর ম্যাচে টাইব্রেকারে হেরে চলতি বিশ্বকাপের আসর থেকে জার্মানির বিদায়ের পর নাগেলসম্যান পদত্যাগ করতে বাধ্য হন। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর এটি ছিল বৈশ্বিক আসরে জার্মানির টানা তৃতীয়বারের মতো দ্রুত বিদায় নেওয়ার ঘটনা। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) প্রথম পছন্দ ছিলেন ক্লপ। তার আগ্রহের কারণেই মূলত নাগেলসম্যানের বিদায় প্রক্রিয়া ত্বরান্বিত হয়।
ফ্রাঙ্কফুর্টে ডিএফবি আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, "আজ এখানে বসতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের। এটি আমার পেশাদার জীবনের এবং ব্যক্তিগত জীবনের অন্যতম সেরা মুহূর্ত। আমি আমার সবকিছু উজাড় করে দেব।" তবে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কিছুটা কৌতুক করে সতর্ক করে বলেন, "যদি আগামীকাল থেকে আপনারা বলতে শুরু করেন যে 'সে একদম বাজে', তবে আমি চলে যাব।"
ডিএফবি সভাপতি বার্নড নয়েনডর্ফ জানান, ক্লপের এই চুক্তি আগামী ১৫ আগস্ট থেকে শুরু হয়ে ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত কার্যকর থাকবে। এর আগে, ২০২৫ সাল থেকে ক্লপ অস্ট্রিয়ান এনার্জি ড্রিংক প্রস্তুতকারক কোম্পানি রেড বুলের 'হেড অব গ্লোবাল সকার' হিসেবে ২০২৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন। সেখানে তিনি আরবি লাইপজিগ, রেড বুল সালজবার্গ এবং নিউইয়র্ক রেড বুলসের মতো ক্লাবগুলোর ফুটবল কার্যক্রম দেখভাল করতেন। ক্লপকে জাতীয় দলের জন্য ছেড়ে দিতে এবং চুক্তি আগে শেষ করতে রাজি হওয়ায় রেড বুলকে ধন্যবাদ জানিয়েছেন ডিএফবি সভাপতি। এজন্য ডিএফবি-কে কোনো ট্রান্সফার ফি দিতে হয়নি, তবে তারা রেড বুলের 'উইংস ফর লাইফ' চ্যারিটি ফাউন্ডেশনে ১ মিলিয়ন ইউরো (১.১ মিলিয়ন ডলার) অনুদান দেবে, যা মেরুদণ্ডের আঘাতজনিত গবেষণায় কাজ করে।
কোচিং ক্যারিয়ারে ইতি টানার ইঙ্গিত বারবার দিলেও ক্লপ এখন জার্মানিকে আন্তর্জাতিক ফুটবলের শীর্ষস্থানে ফিরিয়ে নেওয়ার কঠিন দায়িত্ব নিয়ে ফিরছেন। জার্মানি এ পর্যন্ত চারবার বিশ্বকাপ এবং তিনবার ইউরো চ্যাম্পিয়নশিপ জিতেছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তাদের পারফরম্যান্স বেশ হতাশাজনক। ২০১৬ সালের ইউরো সেমিফাইনালে খেলার পর গত এক দশকে তিনটি বিশ্বকাপ ও দুটি ইউরো মিলিয়ে নকআউট পর্বে জার্মানি মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে।
এর আগে মাইনৎস ও বরুশিয়া ডর্টমুন্ডে সফল সময় কাটানোর পর ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত লিভারপুলের কোচ হিসেবে সব ধরনের শিরোপা জেতেন ক্লপ। তার অধীনে লিভারপুল ৩০ বছরের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগ জয় করে এবং ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঁচিয়ে ধরে।
জাতীয় দলে ক্লপ কাজ করবেন দলের স্পোর্টিং ডিরেক্টর রুডি ফোলারের সাথে, যিনি ১৯৯০ সালের বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। ২০২৩ সালের শরৎকাল থেকে এই দায়িত্বে থাকা ফোলারের চুক্তির মেয়াদ আরও দুই বছর রয়েছে।
ক্লপের সামনে এখন অনেক চ্যালেঞ্জ। ২৩ বছর বয়সী দুই তরুণ প্রতিভা ফ্লোরিয়ান ভির্টজ এবং জামাল মুসিয়ালাকে কেন্দ্র করে নতুন দল গড়ে তুলতে হবে তাকে। ২০২৪ সালের শরৎকাল থেকে অধিনায়কের দায়িত্ব পালন করা জশুয়া কিমিখের বয়স ২০২৮ সালের ইউরোর সময় হবে ৩৩ বছর। অন্যদিকে, ৪০ বছর বয়সী গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার অবসর ভেঙে বিশ্বকাপের জন্য শেষবারের মতো দলে ফিরেছিলেন।
আগামী ২৪ সেপ্টেম্বর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশনস লিগের লড়াই শুরু করবে জার্মানি। এই টুর্রমেন্টের চারটি ম্যাচের জন্য সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে ক্লপ তার বহুল প্রতীক্ষিত প্রথম স্কোয়াড ঘোষণা করবেন।


























