রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগে দালাল চক্রের তিন সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৪টার দিকে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন ওই কার্যালয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
আনসার সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে দ্রুত কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ সেবাগ্রহীতাদের কাছ থেকে বেআইনিভাবে টাকা হাতিয়ে নিচ্ছিল। পিসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে এবং এপিসি মো. আল মিজানসহ আনসার সদস্যদের একটি বিশেষ টিম হাতেনাতে তাদের আটক করে।
অভিযান শেষে তাৎক্ষণিকভাবে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার দণ্ডবিধি অনুযায়ী আটককৃত তিনজনের প্রত্যেককে ৩০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে বিআরটিএসহ বিভিন্ন সরকারি সেবা প্রতিষ্ঠানে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


























