ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যোগাযোগের প্রধান মাধ্যম শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ নিয়েছে নয়াদিল্লি। শুক্রবার শিলিগুড়ির রানিডাঙ্গায় সশস্ত্র সীমা বলের (এসএসবি) উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করিডরের সুরক্ষায় নতুন বার্তা দিয়েছেন। তিনি জানান, এই করিডরকে সুরক্ষিত রাখতে সরকার সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে।
ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড ও সামরিক প্রস্তুতি
- চিকেনস নেকের নিরাপত্তার স্বার্থে একটি বিশেষ ‘ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড’ তৈরি করা হয়েছে।
- চোপড়া, কিষাণগঞ্জ ও ধুবড়ি—এই তিনটি ঘাঁটিকে কেন্দ্র করে পুরো করিডরে নজরদারি, সামরিক উপস্থিতি এবং প্রশাসনিক কর্তৃত্ব বহুগুণ বাড়ানো হয়েছে।
- নিয়মিত ‘তিস্তা প্রহার’-এর মতো সামরিক অনুশীলনের মাধ্যমে অঞ্চলটিকে সুরক্ষিত রাখা হচ্ছে।
শুধু সীমান্ত নিরাপত্তাই নয়, প্রশাসনিক পরিকাঠামো উন্নয়ন ও দিল্লির সঙ্গে দ্রুত রেল যোগাযোগ স্থাপনের মতো একাধিক পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। একই অনুষ্ঠানে অমিত শাহ প্রায় ১৮০ কোটি রুপির নতুন প্রশাসনিক ও আবাসিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া ‘ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম ২.০’-এর আওতায় ৬৮৩৯ কোটি রুপির প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ ও ভুটান সীমান্ত গ্রামগুলোকে সড়কপথের পাশাপাশি মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করা হচ্ছে। সূত্র: দ্য স্টেটসম্যান ও ইটিভি বাংলা।
সূত্র: দৈনিক আমার দেশ





























