সাতক্ষীরার তালা উপজেলার হরিহরনগর গ্রামের একটি বিল থেকে ইদ্রিস গাজী (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ওই গ্রামের ইনছার আলী গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে ইদ্রিস মাছ ধরার উদ্দেশ্যে গ্রামের বিলে গিয়েছিলেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে সন্ধ্যার দিকে বিলের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
খবর পেয়ে তালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহটি উদ্ধার করেন। তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র: Daily Amar Desh
































