সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম ও সাংবাদিকতা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির সাংবাদিকতা, সাহিত্য ও চিন্তাশীল ধারার অন্যতম পথিকৃৎ ওবায়েদ হুমাইদ আল মাজরুই সোমবার সকালে ৯১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি আমিরাতের জাতীয় গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
১৯৩৫ সালে আজমানে জন্মগ্রহণকারী ওবায়েদ হুমাইদ আল মাজরুই কর্মজীবনের শুরুতে সৌদি আরবের তেল শিল্পে কাজ করেছিলেন, পরবর্তীতে তিনি ব্যাংকিং খাতে যুক্ত হন। তবে সাংবাদিকতাকে তিনি নিজের প্রকৃত পেশা হিসেবে বেছে নেন এবং দেশ ও সমাজের সেবায় কলমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন।
১৯৭৪ সালে তিনি ‘আল ফজর’ পত্রিকা প্রকাশের লাইসেন্স লাভ করেন এবং ১৯৭৫ সালের ১৭ মার্চ পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়। শুরুতে সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৭৮ সালে এটি দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়। আমিরাতের রাষ্ট্রীয় অগ্রযাত্রার ইতিহাসের সাক্ষী হিসেবে আল ফজর দীর্ঘ পাঁচ দশক ধরে দেশের গণমাধ্যম জগতে গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন কবি ও লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন। আল ফজর পত্রিকার মাধ্যমে তিনি সাহিত্য ও সংস্কৃতির প্রসারে বিশেষ অবদান রাখেন। বিশেষ করে ‘ফজর আল শুয়ারা’ বা ‘কবিদের ভোর’ নামক ক্রোড়পত্রের মাধ্যমে তিনি আমিরাতসহ সমগ্র আরব বিশ্বের উদীয়মান কবি ও সাহিত্যিকদের প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা পালন করেছেন।
ওবায়েদ হুমাইদ আল মাজরুইয়ের মৃত্যুতে আমিরাতের সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গন এক অভিভাবককে হারাল। তিনি কেবল একজন সম্পাদকই ছিলেন না, বরং জাতীয় প্রেসের ভিত্তি স্থাপনে এবং ফেডারেল রাষ্ট্রের বিকাশে একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে গেছেন। তার দীর্ঘ কর্মজীবন আমিরাতের সাংবাদিকতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হিসেবে বিবেচিত হবে, যেখানে তিনি সাংবাদিকতাকে কেবল পেশা নয়, বরং একটি জাতীয় দায়িত্ব হিসেবে পালন করেছেন।
সূত্র: গালফ টুডে





























