রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় গ্যাস বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য আজ মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজ করা হবে। এই কাজের জন্য আজ বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই গ্যাস বিভ্রাটের আওতায় থাকা এলাকাগুলো হলো জিনজিরা, দোলেশ্বর, পানগাঁও এবং কেরানীগঞ্জের আংশিক এলাকা। এসব এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া এই এলাকাগুলোর আশেপাশের স্থানেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।






























