‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ও বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু সায়েম, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ মো. সেকান্দর আলী, বরুয়াজানি হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসমত আলী, শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক কবি জ্যোতি পোদ্দার, সমন্বয়ক হাকিম বাবুল, উপদেষ্টা শহীদুজ্জামান শহীদ এবং আদিবাসী নেত্রী কেয়া নকরেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী এই আয়োজনে স্কুল ও কলেজ প্রাঙ্গণে ২০টি গাছের চারা রোপণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে ফলদ, বনজ ও ঔষধি মিলিয়ে আড়াই শতাধিক গাছের চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণের পূর্বে শিক্ষার্থীদের গাছ রোপণ, এর পরিচর্যা এবং সঠিক যত্ন নেওয়ার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।
শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়ক হাকিম বাবুল জানান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ও চ্যানেল আইয়ের সহায়তায় প্রতিবছরের মতো এবারও সারা দেশব্যাপী এই বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরও জানান, বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, সংগঠন এবং সুহৃদদের সহযোগিতায় জেলায় এবার মোট ২৬ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা হচ্ছে।
































