দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে বড় ধরনের ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে বাংলাদেশ ‘এ’ দল। দুই ইনিংসেই চরম ব্যাটিং ব্যর্থতার কারণে স্বাগতিকদের বিপক্ষে ইনিংস এবং ৪১৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে সফরকারীরা। এই ম্যাচে নাইম শেখ, মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনরা প্রত্যাশিত পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছেন।
এমন শোচনীয় হারের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দল পুনর্গঠনে বড় পদক্ষেপ নিয়েছে। স্কোয়াডে ছয়টি পরিবর্তন আনা হয়েছে। বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শাহাদাত হোসেন দিপু, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকির হাসান, এনামুল হক বিজয়, ইকবাল হোসেন ইমন ও কালাম সিদ্দিকী অলিন।
সিরিজের দ্বিতীয় ও শেষ চারদিনের ম্যাচটি আগামী ৩০ আগস্ট পচেফস্ট্রুমে শুরু হবে। এরপর ৬, ৯ ও ১২ সেপ্টেম্বর ব্লুমফন্টেইন, কিম্বার্লি ও পচেফস্ট্রুমে বাংলাদেশ ও প্রোটিয়া ‘এ’ দলের মধ্যে ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় চারদিনের ম্যাচের জন্য ঘোষিত বাংলাদেশ ‘এ’ দলে রয়েছেন: নাইম শেখ, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, হাসান মুরাদ, নাঈম হাসান, আল ফাহাদ, রেজাউর রহমান রাজা, জাকের আলি অনিক, মুশফিক হাসান, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও রিশাদ হোসেন।





























