তিব্বত সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেপালে ভয়াবহ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া ৩৮৪ জন পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন, যাদের মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যা উল্লেখযোগ্য।
নেপালের নুয়াকোট ও ধাদিং জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ভোতে কোশি নদীর পানি প্রবল স্রোতে বিভিন্ন এলাকা তলিয়ে নিয়ে গেছে। নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র ও ডিআইজি অবিনারায়ণ কাফলে জানিয়েছেন, এখন পর্যন্ত নুয়াকোট ও ধাদিং জেলা থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ ৩৮৪ জন পর্যটকের মধ্যে ২৯১ জন বিদেশি এবং ৯৩ জন নেপালি নাগরিক। বিদেশি নিখোঁজদের তালিকায় ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। এছাড়া রসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ জন সদস্য এবং সশস্ত্র পুলিশ বাহিনীর সাত সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
বন্যাকবলিত এলাকায় নেপাল সেনাবাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। দুর্গত এলাকাগুলোতে হেলিকপ্টার ও দুর্যোগ মোকাবিলা দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ এখনো চলমান রয়েছে।




























