কলম্বিয়া ও ভেনেজুয়েলা সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় শহর লস প্যাটিওসে একটি পুলিশ স্টেশনের বাইরে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে ঘটা এই হামলায় অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং পুলিশ কর্মকর্তাসহ আরও ১১ জন আহত হয়েছেন। লস প্যাটিওস শহরটি কুকাটা মেট্রোপলিটন এলাকার অন্তর্ভুক্ত।
ঘটনার পরপরই কলম্বিয়ার প্রেসিডেন্ট আবেলান্দো দে লা এস্প্রিয়েলা দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, "কলম্বিয়া সন্ত্রাসবাদের কাছে নতি স্বীকার করবে না।"
উল্লেখ্য, কুকাটা সীমান্তবর্তী এই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও মাদক চোরাকারবারিদের বিবাদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। তারা ভেনেজুয়েলায় প্রবেশের চোরাচালান রুটগুলোর নিয়ন্ত্রণ নিতে নিয়মিত সংঘর্ষে লিপ্ত হয়।
এর আগে আগস্ট মাসে কুকাটার একটি পুলিশ স্টেশনের বাইরে বিস্ফোরণে ১১ জন পুলিশ কর্মকর্তা আহত এবং একটি পুলিশ কুকুর নিহত হয়েছিল। সেই হামলার জন্য ন্যাশনাল লিবারেশন আর্মিকে (ইএলএন) দায়ী করেছিলেন কর্মকর্তারা। এটি কলম্বিয়ার সর্বশেষ বড় বিদ্রোহী গোষ্ঠী।
গত আগস্ট মাসে দায়িত্ব গ্রহণ করা প্রেসিডেন্ট দে লা এস্প্রিয়েলা অপরাধ দমনের প্রতিশ্রুতি দিয়েছেন। সম্প্রতি তিনি বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সাথে সরকারের চলমান শান্তি আলোচনাও বাতিল করেছেন।




























