ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর বিশেষ ফুটবল ক্যাম্পেইন ‘কুইজে রিচার্জে খেলা হবে নগদ-এ’ অংশ নিয়ে জাতীয় ফুটবল দলের বিদেশের মাটিতে খেলা দেখার সুযোগ পেয়েছেন মেহেরপুরের গাংনীর শিক্ষার্থী শাহরিয়ার নাফিজ। এই ক্যাম্পেইনের মূল বিজয়ী হিসেবে তিনি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে স্টেডিয়ামে বসে সরাসরি দলের পরবর্তী অ্যাওয়ে ম্যাচটি উপভোগ করার বিশেষ সুবিধা পেয়েছেন।
সম্প্রতি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেগা বিজয়ী শাহরিয়ার নাফিজের হাতে সম্মাননা তুলে দেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এ সময় নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সিনিয়র সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মোট ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। ক্যাম্পেইনের অন্যতম বিজয়ী ময়মনসিংহের শাহীন আলমকে একটি ‘পিএসফাইভ’ (PS5) ভিডিও গেম কনসোল প্রদান করা হয়। এছাড়া কুইজ ক্যাম্পেইনে বিজয়ী কারিব-উর-রহমান, মো. আমজাদ আলী রিয়াদ, মো: ইয়াছারুজ্জামান মিতুল ও মো. মিজানুর রহমানসহ মোট ৮ জনের প্রত্যেককে ‘নগদ গিফট বক্স’ উপহার দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের পর উচ্ছ্বসিত শাহরিয়ার নাফিজ বলেন, বিদেশের মাটিতে অধিনায়কের পাশাপাশি বসে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পাওয়া তার জন্য স্বপ্নের মতো। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ জানান, দেশের মানুষের প্রিয় খেলা ফুটবলকে কেন্দ্র করে ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে আরও উৎসবমুখর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও গ্রাহকদের জন্য এমন চমৎকার সেবা অব্যাহত থাকবে।




























