ব্রাজিলের সুপ্রিম কোর্টের বিচারপতি আন্দ্রে মেন্ডনকা দেশটির ফেডারেল পুলিশের মহাপরিচালক আন্দ্রে রদ্রিগেজ এবং গোয়েন্দা প্রধান লিয়ান্দ্রো আলমাদাকে তাদের পদ থেকে অপসারণ করেছেন। এই আকস্মিক সিদ্ধান্তের ফলে দেশটির শীর্ষ আদালতে সংকট আরও গভীর হয়েছে এবং অক্টোবরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার নতুন করে সংকটের মুখে পড়েছে।
প্রাক্তন প্রেসিডেন্ট জাইর বলসোনারোর নিয়োগপ্রাপ্ত বিচারপতি মেন্ডনকা তার রায়ে দাবি করেছেন, লুলার নিয়োগপ্রাপ্ত এই দুই কর্মকর্তা এমন একটি সংস্থার নেতৃত্ব দিচ্ছিলেন, যারা আগস্ট মাসের শেষ নাগাদ পর্যন্ত তার (বিচারপতির) কর্মকাণ্ড নিয়ে ছয়টি অবৈধ প্রতিবেদন তৈরি করেছে।
বিচারপতি মেন্ডনকা বর্তমানে দুটি অত্যন্ত স্পর্শকাতর রাজনৈতিক তদন্তের নেতৃত্ব দিচ্ছেন। এর একটি হলো 'ব্যাঙ্কো মাস্টার' ধসের ঘটনা, যেখানে বেশ কয়েকজন রাজনীতিবিদ জড়িত রয়েছেন। অন্যটি হলো ব্রাজিলের পেনশন ব্যবস্থায় জালিয়াতির অভিযোগ। পেনশন কেলেঙ্কারির ঘটনায় প্রেসিডেন্ট লুলার এক ছেলের বিরুদ্ধেও অনিয়মের প্রশ্ন উঠেছে।
ফেডারেল পুলিশের নির্বাহী পরিচালক উইলিয়াম মার্সেল মুরাদ এক বিবৃতিতে জানিয়েছেন, মহাপরিচালকের প্রতি বাহিনীর পূর্ণ আস্থা রয়েছে এবং এজেন্টরা কোনো ধরনের আক্রমণে দমে যাবে না। ব্রাজিলের সরকারি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।
বিচারপতি মেন্ডনকার এই পদক্ষেপটি সুপ্রিম কোর্টের অপর বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরায়েসের সঙ্গে তার চলমান বিরোধের অংশ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহে মেন্ডনকা ফেডারেল পুলিশের কিছু নথি প্রকাশ করেন, যেখানে দেখা যায় যে ব্যাঙ্কো মাস্টার-এর মালিক ড্যানিয়েল ভোরকারো গ্রেপ্তারের আগে বারবার ডি মোরায়েসের আইনি পরামর্শ চেয়েছিলেন। ডি মোরায়েস অতীতে এসব অভিযোগ অস্বীকার করলেও, তার স্ত্রী ব্যাঙ্কো মাস্টার-এর সঙ্গে ১৩০ মিলিয়ন রেইস বা ২৫ মিলিয়ন ডলারের একটি আইনি চুক্তিতে জড়িত ছিলেন।
বর্তমানে বিচারপতি ডি মোরায়েসের পদত্যাগের জন্য রাজনীতিবিদ, গণমাধ্যম এবং আইনি বিশেষজ্ঞদের পক্ষ থেকে ব্যাপক চাপ তৈরি হয়েছে। মেন্ডনকা তাকে তদন্তের স্বার্থে সাময়িক বরখাস্ত করার আবেদন জানিয়েছেন। পাল্টা পদক্ষেপে ডি মোরায়েস মেন্ডনকার বিরুদ্ধে আদালতে তদন্ত এবং তাকে অভিশংসনের জন্য সিনেটের কাছে প্রস্তাব দিয়েছেন। সোমবার ব্রাজিলের স্বাধীনতা দিবসে বিরোধী দলীয় প্রেসিডেন্ট প্রার্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোর হাজার হাজার সমর্থক ডি মোরায়েসের অপসারণের দাবিতে সাও পাওলোর রাজপথে বিক্ষোভ করেন। অক্টোবরে অনুষ্ঠেয় নির্বাচনে লুলা পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন প্রাক্তন প্রেসিডেন্টের ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারো। উল্লেখ্য, প্রাক্তন প্রেসিডেন্ট বর্তমানে অভ্যুত্থান চেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন এবং নিজ বাড়িতে বন্দি রয়েছেন।






























