জাপানের নাগোয়ার পালোমা মিজুহো স্টেডিয়ামে ঐতিহ্য, প্রকৃতি ও আধুনিক প্রযুক্তির এক অপূর্ব মেলবন্ধনে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ২০তম এশিয়ান গেমসের। ‘হারমনিক হার্ট বিট’ বা হৃদয়ের সুরেলা স্পন্দনকে মূল ভাবনা করে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে এশিয়ার ৪৫টি দেশের সংস্কৃতি ও স্বপ্ন যেন এক সুতোয় বাঁধা পড়েছে। ৩২ বছর পর এশিয়ান গেমস ফিরল জাপানে; এর আগে ১৯৫৮ সালে টোকিও এবং ১৯৯৪ সালে হিরোশিমার পর এবার তৃতীয়বারের মতো এই মহাদেশীয় ক্রীড়া আসর আয়োজন করছে দেশটি।
বাংলাদেশ সময় বিকাল ৪টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগেই স্টেডিয়াম চত্বরে উৎসবের আমেজ তৈরি হয়। দর্শকদের জন্য ‘ওয়ার্ম-আপ স্টেজ’-এ নানা আয়োজন ছিল। জাপানের বিমান বাহিনীর বিখ্যাত ‘ব্লু ইমপালস’ দল আকাশে উড়ন্ত বিমানের রেখায় একটি বিশাল হৃদয়ের আকৃতি ফুটিয়ে তোলে। প্রায় ৩০ হাজার স্থায়ী আসনের সংস্কার করা পালোমা মিজুহো স্টেডিয়ামে উদ্বোধনের জন্য অতিরিক্ত অস্থায়ী আসনও যোগ করা হয়েছিল। স্টেডিয়ামের মূল মঞ্চটিও তৈরি করা হয়েছিল একটি বিশাল হৃদয়ের আদলে।
অনুষ্ঠানের শুরুতেই জাপানের জনপ্রিয় বেহালাবাদক ও সুরকার তারো হাকাসে মঞ্চে উঠে সুরের মূর্ছনা ছড়ান। তার সুরের তালে নাগোয়া ও আইচির বিভিন্ন এলাকার ২৪০ জন স্থানীয় নৃত্যশিল্পী চারটি দলে বিভক্ত হয়ে মঞ্চে প্রবেশ করে জীবন ও পারস্পরিক সম্পর্কের প্রতীকী পরিবেশনা উপহার দেন, যা শেষে একটি বিশাল ‘ওয়েলকাম’ বার্তায় রূপ নেয়। এরপর জাপানের আত্মরক্ষা বাহিনীর সদস্যরা দেশটির জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সংগীতশিল্পী কেইকো তোদা জাতীয় সংগীত পরিবেশন করেন।
এরপর শুরু হয় ক্রীড়াবিদদের বর্ণিল মার্চপাস্ট। ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে একে একে মাঠে প্রবেশ করে এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধিদল। বাংলাদেশের ক্রীড়াবিদদের কুচকাওয়াজে দেশের লাল-সবুজ পতাকা হাতে সামনে ছিলেন শুটার আবদুল্লাহ হিল বাকি ও কারাতেকা হুমাইরা আক্তার অন্তরা। কোরিয়া, চীন, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশের ক্রীড়াবিদদের আগমনে গ্যালারিতে উৎসবের হাওয়া লাগলেও দর্শকদের উচ্ছ্বাস কিছুটা সংযত ছিল এবং গ্যালারির কিছু অংশ ফাঁকা দেখা গেছে।
মার্চপাস্টের ফাঁকেই নাগোয়া ও আইচির সমৃদ্ধ ইতিহাস তুলে ধরা হয়। বিশাল বেলুন কাঠামোয় নাগোয়া দুর্গের অবয়ব তৈরি করা হয় এবং জাপানি কাবুকি শিল্পীরা ঐতিহ্যবাহী সিংহ নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠানের অন্যতম বড় চমক ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা নির্মিত এক গায়কের উপস্থিতি। ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি মঞ্চে হাজির করা হয় টোকিও অলিম্পিকে ব্যবহৃত টয়োটার দ্রুতগামী বিশেষ যানসহ ভবিষ্যৎধর্মী নানা প্রযুক্তির প্রদর্শনী, যা আইচি প্রিফেকচারের শিল্প ঐতিহ্যের সাক্ষ্য দেয়।
জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি কার্স্টি কভেন্ট্রি, অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানি এবং জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো। ওসিএ সভাপতির বক্তব্যের পর জাপানের সম্রাট নারুহিতো আনুষ্ঠানিকভাবে ২০তম এশিয়ান গেমসের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে মশাল প্রজ্বলনের সময়। গত ২২ আগস্ট নাগোয়ায় শুরু হওয়া মশালযাত্রা ৪০টি পৌরসভা ও ১৬টি ওয়ার্ড ঘুরে স্টেডিয়ামে পৌঁছায়। সাতজন মশালবাহকের শেষজন হিসেবে মাঠে প্রবেশ করেন জাপানের কিংবদন্তি হ্যামার থ্রোয়ার শিগেনোবু মুরোফুশি। এরপর ২০০৪ সালের অলিম্পিক চ্যাম্পিয়ন ছেলে কোজি মুরোফুশি তার বাবার পাশে এসে দাঁড়ান। পাঁচবারের এশিয়ান গেমস চ্যাম্পিয়ন বাবা ও অলিম্পিক চ্যাম্পিয়ন ছেলে যৌথভাবে গেমসের মূল মশালটি প্রজ্বলন করেন, যা দুই প্রজন্মের মেলবন্ধনকে ফুটিয়ে তোলে।
আগামী ৪ অক্টোবর পর্যন্ত নাগোয়া ও আইচির বিভিন্ন ভেন্যুতে চলবে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া উৎসব। ৪৫টি জাতীয় অলিম্পিক কমিটির প্রায় ১১ হাজার ক্রীড়াবিদ মোট ৪৩টি খেলায় পদকের জন্য লড়াই করবেন। ক্রিকেট, ফুটবল, হকি ও বাস্কেটবলসহ বেশ কিছু খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। মিজুহো স্টেডিয়ামের রাতের আকাশে আতশবাজির আলো নিভে গেলেও উদ্বোধনী অনুষ্ঠানের সেই ‘হৃদয়ের স্পন্দন’ এখন ছড়িয়ে পড়বে প্রতিটি ভেন্যুতে।





























