বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হওয়ায় আগাম পদক্ষেপ হিসেবে এ সতর্কতা জারি করা হয়েছে
করোনা মহামারির সমাপ্তি ঘটলেও এখনো তার ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি অনেক দেশ। এরমধ্যে নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে আফ্রিকার বিভিন্ন দেশে। মাঙ্কিপক্স বা এমপক্স নামক ভাইরাসটি বিশ্বে দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। এরই ধারাবাহিকতায় মাঙ্কিপক্স নিয়ে হযরত শাহজালাল বিমানবন্দরে সতর্কতা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স রোগী শনাক্ত হওয়ায় আগাম পদক্ষেপ হিসেবে এ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে, এয়ারলাইনসগুলোকে সতর্ক থাকতে এবং কোনো লক্ষণযুক্ত যাত্রী থাকলে দ্রুত স্বাস্থ্য বিভাগকে অবহিত করতে বলা হয়েছে।
এ ছাড়া সংক্রমিত দেশ থেকে আগমনের ২১ দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দিলে যাত্রীদের ১০৬৫৫ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।
এদিকে মাঙ্কিপক্স নিয়ে হটলাইনও চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তার। কারো মধ্যে এমপক্সের লক্ষণ দেখা গেলে দ্রুততম সময়ে সন্দেহভাজনদের ১৬২৬৩ এবং ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। এতে বেদনাদায়ক ফুসকুড়ি, লিম্ফ নোড ফুলে যাওয়া এবং জ্বর হতে পারে। মধ্য আফ্রিকার কঙ্গো, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা, কেনিয়াসহ বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এটি।
আফ্রিকায় আক্রান্তের সংখ্যা ইতোমধ্যেই ছাড়িয়েছে ১৭ হাজারের বেশি। এই পরিস্থিতিতে কী দেখলে বুঝবেন আপনি মাঙ্কিপক্স আক্রান্ত।
চলুন জেনে নিই—
প্রবল জ্বর হতে পারে। মাঙ্কিপক্সের ফলে শরীরে ব্যথাও হতে পারে। ত্বকে র্যাশ দেখা যেতে পারে। সেই র্যাশ আবার সময়ের সঙ্গে সঙ্গে লাল ফোঁড়ার মতো আকার ধারণ করতে পারে। হাত, পা, পায়ের পাতা, মুখ এবং শরীরের নানা অংশে ছড়িয়ে পড়তে পারে এই র্যাশ।
কোভিডের মতোই ছোঁয়াছে এই রোগ। পশু থেকে মানুষে বা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে সংক্রমণ। আক্রান্তের ক্ষত বা দেহ তরলের সংস্পর্শে আসা জামাকাপড় থেকেও কিন্তু ছড়াতে পারে এই মাঙ্কিপক্স।
এই রোগের উপসর্গ দেখলে যা করবেন:
প্রথমেই এই রোগের উপসর্গ দেখলে পরীক্ষা করাতে হবে। জ্বর, ক্লান্তি, গা ব্যথা, লসিকা গ্রন্থি ফুলে যাওয়া ও ত্বকে ক্ষত তৈরির মতো উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিন।
মাঙ্কিপক্সের উপসর্গ সাধারণত সংক্রমণের দ্বিতীয় সপ্তাহ থেকে দেখা যায়। যদি এই ভাইরাসে আক্রান্ত কারও সংস্পর্শে আসেন, তবে আগে থেকেই আলাদা থাকা ভালো। তাতে বাকিদের মধ্যে সংক্রমণের ঝুঁকি কমবে।
আলাদা থাকার সঙ্গেই গোসলের গামছা, তোয়ালে আলাদা করতে হবে। যতক্ষণ না পরীক্ষার ফল হাতে আসছে, ততক্ষণ সতর্ক থাকতে হবে।
আপনার শরীরে এর কোনো লক্ষণ দেখা দিলে অথবা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, অথবা সংক্রমিত দেশ ভ্রমণের ২১ দিনের মধ্যে এই লক্ষণ দেখা দিলে ১৬২৬৩, ১০৬৫৫ নম্বরে যোগাযোগ করুন।





























