এসএসসির ফলাফলের ওপর ভিত্তি করে এইচএসসির মূল্যায়নের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজের শতাধিক এইচএসসি পরীক্ষার্থী। এ সময় তারা বলেন – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করায় ‘মানসিকভাবে পরীক্ষা দিতে প্রস্তুত না’।
শনিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘এইচএসসি-২৪ ব্যাচ, ঢাকা বোর্ড’ এর ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থীদের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। যারা শারীরিকভাবে সুস্থ আছেন তারাও অনেকে মানসিকভাবে সুস্থ নন। কিন্তু এরই মধ্যে পরীক্ষার রুটিন দেওয়ায় তারা সবাই হতভম্ব হয়েছেন। তাই তারা পরীক্ষা দিতে ইচ্ছুক নন।
নারায়ণগঞ্জের সরকারি সফর আলী কলেজের শিক্ষার্থী বলেন, এখন পরীক্ষায় বসার মতো মন-মানসিকতা আমাদের কারোরই নাই। এখন আমরা চাই, আমাদের এসএসসির যে সাবজেক্টগুলো আছে সেগুলোর ফলাফলের ভিত্তিতে এইচএসসির ফলাফল ম্যাপিং করে অবিলম্বে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হোক।
































