টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা এবং প্রথম আসরের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল লড়াই। জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশকে হারানোর আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল কিউইরা। তবে সেই জয়ে পূর্ণ ১২ পয়েন্ট অর্জন করে দক্ষিণ আফ্রিকা পুনরায় টেবিলের শীর্ষে উঠে এসেছে। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচের ৬টিতে জয় এবং ২টিতে হারের মাধ্যমে প্রোটিয়াদের পয়েন্টের শতকরা হার ৭৫ শতাংশ।
নিউজিল্যান্ড ১৩ ম্যাচে ৯ জয় ও ৪ হারের মাধ্যমে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের হার ৬৯.২৩ শতাংশ (১৩ ম্যাচে ৯ জয় ও ৪ হার)। চতুর্থ স্থানে থাকা ভারতের পয়েন্টের হার ৫১.৫২ শতাংশ (১১ ম্যাচে ৫ জয় ও ৪ হার)। জোহানেসবার্গ টেস্টের হারের পর বাংলাদেশ পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানেই রয়েছে, তবে তাদের পয়েন্টের হার ৪৫.৮৩ শতাংশ থেকে কমে ৪০.৭৪ শতাংশে দাঁড়িয়েছে। তবুও বাংলাদেশ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে এগিয়ে আছে।
শান্ত’র নেতৃত্বাধীন বাংলাদেশ দলের সামনে এখনো কাগজে-কলমে ফাইনাল খেলার সম্ভাবনা টিকে আছে। তবে এর জন্য কঠিন এক গাণিতিক সমীকরণ মেলাতে হবে। ৯ ম্যাচ খেলে বাংলাদেশের জয় তিনটি, পরাজয় চারটি এবং ড্র হয়েছে দুটি। টাইগারদের হাতে এখনো তিনটি টেস্ট ম্যাচ বাকি রয়েছে—একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং দুটি ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে।
ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে বাংলাদেশকে অবশিষ্ট তিনটি ম্যাচেই জয়লাভ করতে হবে। তিনটি ম্যাচ জিতলে বাংলাদেশের পয়েন্টের হার দাঁড়াবে ৫৫.৫৬ শতাংশ। তবে কেবল জয় পেলেই হবে না, একই সঙ্গে ভারত যেন বাকি ম্যাচগুলোতে পয়েন্ট না পায়, সেই চাওয়াও পূরণ হতে হবে। ভারতের অবশ্য এখনো অনেকগুলো টেস্ট রয়েছে। একইভাবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাও যেন খুব বেশি পয়েন্ট না পায়, সেই কামনাও করতে হবে। যদিও ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা, এখানে যে কোনো কিছুই হতে পারে।

























