ইতালির জঙ্গিগোষ্ঠী রেড ব্রিগেডস-এর সাবেক সদস্য লিওনার্দো বের্তুলজ্জির পলায়নের ঘটনায় তার স্ত্রী ৭৭ বছর বয়সী বেটিনা এরিকা কোপকেকে গ্রেপ্তার করা হয়েছে। আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা জানিয়েছেন, যে এলাকা থেকে বের্তুলজ্জি পালিয়েছেন, সেখান থেকেই তার স্ত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে।
৭৪ বছর বয়সী বের্তুলজ্জি ইতালিতে অপহরণ এবং বিস্ফোরক রাখার মতো অপরাধে ২৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং ইতালিতে প্রত্যর্পণের অপেক্ষায় ছিলেন। ১৯৭০ ও ১৯৮০-এর দশকে তার এই গোষ্ঠীটি ইতালিজুড়ে বিচারক, পুলিশ কর্মকর্তা, রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের লক্ষ্য করে অপহরণ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাত।
তদন্তকারী সূত্রে জানা গেছে, গত ১০ নভেম্বর বের্তুলজ্জি তার অ্যাপার্টমেন্টের পঞ্চম তলা থেকে দড়ি ও হারনেস ব্যবহার করে পার্শ্ববর্তী একটি বাড়িতে নেমে যান এবং সেখান থেকে খালি জায়গায় লাফিয়ে পড়ে পালিয়ে যান। সিসিটিভি ফুটেজে তাকে গেট টপকে রাস্তায় নামতে দেখা গেছে। বের্তুলজ্জি তার ইলেকট্রনিক অ্যাঙ্কেল মনিটরটি টেম্পার বা বিকল করে রেখেছিলেন। তদন্তের সাথে সংশ্লিষ্ট একজন জানান, তিনি মনিটরটিকে পশুর চর্বি এবং থার্মাল ব্ল্যাঙ্কেট দিয়ে মোড়ানো একটি পাত্রে রেখেছিলেন, যাতে মানুষের শরীরের তাপমাত্রা ও চাপের অনুকরণ করা যায়।
নিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বের্তুলজ্জি ফেলে যাওয়া একটি মোবাইল ফোন থেকে তার স্ত্রীর বিরুদ্ধে পালানোর পরিকল্পনায় সহায়তার প্রমাণ মিলেছে। ফোনটিতে ২০২৫ সালের অক্টোবরে তোলা কিছু ছবি পাওয়া গেছে, যেখানে কোপকেকে সেই গেটের কাছে দেখা যায় যেখান দিয়ে বের্তুলজ্জি পালিয়েছিলেন। পালানোর পর বুয়েনস আইরেসের উত্তরের কয়েকটি শহরে বাসে ভ্রমণের সময় তাকে একটি দোকান থেকে টুপি কিনতে দেখা গেছে।
আর্জেন্টিনা সরকার বের্তুলজ্জিকে ধরতে ২০ মিলিয়ন পেসো বা প্রায় ১২ হাজার মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। ২০০৪ সালে তাকে আর্জেন্টিনায় শরণার্থী মর্যাদা দেওয়া হলেও ২০২৪ সালের আগস্টে তা বাতিল করা হয় এবং ২০২৬ সালে আদালত ইতালিতে তার প্রত্যর্পণের অনুমোদন দেয়।
নিরাপত্তা মন্ত্রী মন্তেওলিভা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বের্তুলজ্জিকে পালাতে যারা সহায়তা করেছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। তিনি বলেন, “আমরা প্রতিটি খুঁটিনাটি তদন্ত করব। তারা কে বা কী ভূমিকা পালন করেছে, তা বিবেচ্য নয়।”


























