ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পশ্চিমাঞ্চলে একটি ক্যান্ডি ও চিনি জাতীয় পণ্য উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং এখন পর্যন্ত ৩৬ জন কর্মী নিখোঁজ রয়েছেন। স্থানীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার কর্মকর্তা রিজকি দ্বিয়ান্তো রোববার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংস্থার প্রতিনিধি রিজকি দ্বিয়ান্তো জানান, শনিবার বিকেলে জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত সেরাং জেলার ‘ফনুসা অগুং মুলিয়া’ কারখানায় এই আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর আহত চারজনকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতাল ও স্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। রাতভর ধারণকৃত টেলিভিশনের দৃশ্যচিত্রে কারখানাটিতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যায় এবং ভবনটির ছাদের কিছু অংশ ধসে পড়তে দেখা গেছে।
রোববারও কারখানার কয়েকটি অংশে আগুন জ্বলতে দেখা গেছে, যার কারণে নিখোঁজ কর্মীদের সন্ধানে তল্লাশি চালাতে উদ্ধারকারীদের বেশ বেগ পেতে হচ্ছে। রিজকি দ্বিয়ান্তো বলেন, "মাঠে থাকা কর্মীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রাধান্য দিয়ে যৌথ উদ্ধারকারী দলের (SAR) সবকটি ইউনিট নিখোঁজদের খুঁজে বের করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।"
এদিকে অগ্নিকাণ্ডের মূল কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা রোববার তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছে, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।

























