পেরুর দক্ষিণাঞ্চলে শনিবার দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
চিলির সীমান্তবর্তী টাকনা শহরের দক্ষিণ প্যান-আমেরিকান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। স্থানীয় হিপোলিটো উনানুয়ে দে টাকনা হাসপাতালের পরিচালক এডি ভিসেন্তে সাংবাদিকদের জানিয়েছেন, আহতদের অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে ২৪ বছর বয়সী এক যুবক গুরুতর আহত অবস্থায় রয়েছেন, যার শরীরে একাধিক হাড় ভাঙার ক্ষত রয়েছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে রেডিও ইউনিওকে দেওয়া এক সাক্ষাৎকারে অগাস্টিন চোকোকেটা নামক এক কৃষক দাবি করেছেন, দুর্ঘটনার সময় তিনি গবাদি পশু নিয়ে পিকআপ ভ্যানে যাচ্ছিলেন। তিনি জানান, বাসগুলোর একটি নিজ লেন থেকে বেরিয়ে আসার পর সংঘর্ষের তীব্রতায় তার গাড়িটিও টেনে নিয়ে যায়।
বিশেষজ্ঞদের মতে, পেরুতে সড়ক পরিবহন ব্যবস্থার তদারকি দুর্বল এবং জরুরি সহায়তা কার্যক্রম ধীরগতির ও অগোছালো। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে তারা আইনি সংস্কারের ওপর জোর দিয়েছেন। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩,৪২৮ জন প্রাণ হারিয়েছেন।





























