বাংলাদেশে আশ্রয় নেওয়া ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমার নীতিগতভাবে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রোহিঙ্গা সংকট সমাধানের পথে এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বর্ণনা করেছেন তিনি। তবে এই প্রত্যাবাসন প্রক্রিয়া ঠিক কবে নাগাদ শুরু হবে কিংবা কত সময়ের মধ্যে তা সম্পন্ন হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি মালয়েশীয় প্রধানমন্ত্রী।
বুধবার (২৯ জুলাই) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি মালয়েশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে-এর প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।
আনোয়ার ইব্রাহিম জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে মালয়েশিয়ায় অবস্থানরত ৫ হাজার রোহিঙ্গাকেও প্রথম ধাপে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। দীর্ঘদিন ধরে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে অনীহা দেখালেও, দুই দেশের মধ্যকার সুসম্পর্কের কারণে এই নতুন সমঝোতা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
মিয়ানমারে চলমান সংঘাত ও নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে বিপুল সংখ্যক রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশ ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে আছেন। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের সামনে শতাধিক রোহিঙ্গা জড়ো হওয়ার পর তাদের বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।





























