ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রাশিয়ার চালানো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভে একজন এবং মধ্যাঞ্চলীয় ক্রিভি রিহ শহরে ছয়জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের অধিকাংশ অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, হামলায় আবাসিক নয় এমন কয়েকটি স্থাপনায় আগুন লেগেছে এবং জরুরি সেবা বিভাগ জানিয়েছে, এই হামলায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন।
সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মশহর ক্রিভি রিহে। শহরের প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান ওলেক্সান্দর ভিলকুল জানান, রাশিয়ার ভোরোনেজ অঞ্চল থেকে ছোড়া একটি ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি একটি পরিবারের বাড়িতে আঘাত হানে। এতে পাঁচ ও ১২ বছর বয়সী দুই শিশুসহ মোট ছয়জন নিহত এবং আটজন আহত হয়েছেন। ভিলকুল জানান, ধ্বংসস্তূপ সরানোর কাজ চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, পশ্চিমাঞ্চলীয় শহর লভিভেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে। হামলার আগে প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়া বড় ধরনের হামলা চালাতে পারে বলে সতর্ক করেছিলেন। তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। জেলেনস্কি টেলিগ্রামে উল্লেখ করেন, ইউক্রেনের মানুষের নিরাপত্তা মিত্র দেশগুলোর আকাশ প্রতিরক্ষা সহায়তার ওপর সরাসরি নির্ভর করছে।
রুশ এই হামলার প্রেক্ষিতে ন্যাটো সদস্য পোল্যান্ড নিজেদের আকাশসীমা সুরক্ষায় যুদ্ধবিমান, আগাম সতর্কীকরণ বিমান, স্থলভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং রাডার ইউনিট প্রস্তুত করেছে। পোল্যান্ডের সশস্ত্র বাহিনী জানিয়েছে, এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা। অন্যদিকে, ইউক্রেনের পাল্টা ড্রোন হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেনজা শহরে দেশটির বৃহত্তম অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিজ-এর একটি গুদামে আগুন লেগেছে। পেনজার গভর্নর ওলেগ মেলনিচেঙ্কো জানিয়েছেন, এতে একজন আহত হয়েছেন এবং প্রায় ২০০ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। ওয়াইল্ডবেরিজ জানিয়েছে, সাম্প্রতিক হামলায় তাদের প্রায় এক ডজন গুদাম ক্ষতিগ্রস্ত হওয়ায় মোট সংরক্ষণ সক্ষমতার ১০ শতাংশ নষ্ট হয়েছে, যা সরবরাহ ব্যবস্থায় প্রভাব ফেলেছে। এ পরিস্থিতিতে রাশিয়ার সবারব্যাংক সতর্ক করেছে যে, ওয়াইল্ডবেরিজ ও এর সরবরাহকারীদের আর্থিক ক্ষতির কারণে ঋণখেলাপির ঝুঁকি বাড়তে পারে এবং ব্যাংকটিকে অতিরিক্ত সংরক্ষণ রাখতে হতে পারে।





























