এসি মিলানের কিংবদন্তি খেলোয়াড় এবং ক্লাবের অনারারি ভাইস প্রেসিডেন্ট ফ্রাঙ্কো বারেসির মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাবটি। ৬৬ বছর বয়সী বারেসির মৃত্যুর গুজবটি বুধবার সন্ধ্যা থেকে অনলাইনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যার ফলে ক্লাব কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি পরিষ্কার করতে হয়।
এক বিবৃতিতে এসি মিলান জানিয়েছে, ফ্রাঙ্কো বারেসিকে নিয়ে সাম্প্রতিক সময়ে যে ভুল তথ্য প্রচারিত হচ্ছে তা তারা অস্বীকার করছে। ক্লাব কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, ফ্রাঙ্কো বর্তমানে একটি কঠিন ও নাজুক সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এ সময় ক্লাবের পক্ষ থেকে তার এবং তার পরিবারের প্রতি পূর্ণ সমর্থন ও সহমর্মিতা জানানো হয়েছে। একই সাথে, কোনো ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে এসি মিলান।
এর আগে, ২০২৫ সালের আগস্ট মাসে বারেসি জানিয়েছিলেন যে, ফুসফুসে একটি নডিউল অপসারণের জন্য তিনি অস্ত্রোপচার করিয়েছেন এবং এরপর থেকে তিনি ইমিউনোথেরাপি নিচ্ছেন।
ফ্রাঙ্কো বারেসির ফুটবল ক্যারিয়ার মূলত এক ক্লাবের প্রতি আনুগত্যের এক অনন্য উদাহরণ। ১৯৭৭ সালে এসি মিলানের যুব একাডেমি থেকে উঠে আসা এই ডিফেন্ডার ১৯৯৭ সালে অবসর নেওয়ার আগ পর্যন্ত পুরো ক্যারিয়ার কেবল রোসোনেরিদের হয়েই খেলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে তিনি মোট ৭১৬টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন, যেখানে ৩৩টি গোল করার পাশাপাশি ২৪টি গোল করতে সহায়তা করেছেন।
মিলানের হয়ে বারেসি তিনটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি, ছয়টি সেরি আ শিরোপা, দুটি ইন্টারকন্টিনেন্টাল কাপ, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ এবং চারবার সুপারকোপা ইতালিয়ানা জিতেছেন। ফুটবল থেকে অবসরের পর তিনি ক্লাবের যুব একাডেমিতে কোচের দায়িত্ব পালন করেছেন এবং ২০২০ সালের অক্টোবর থেকে এসি মিলানের অনারারি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

























