আগামী ১০ আগস্ট মধ্য বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, এই লঘুচাপটি পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী ১৪ আগস্ট থেকে সারা দেশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবারও দেশজুড়ে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। তবে এরপর শুক্রবার থেকে বৃষ্টির মাত্রা কিছুটা কমে আসবে এবং ৯ আগস্ট পর্যন্ত বিরতি থাকতে পারে। অর্থাৎ, মাঝে তিনদিন বিরতির পর ১০ ও ১১ আগস্ট আবারও বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। এরপর লঘুচাপের প্রভাবে ১৪ আগস্ট থেকে বৃষ্টিপাতের তীব্রতা আরও বাড়তে পারে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বুধবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে, যা বৃহস্পতিবারও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে, বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, বর্তমানে দেশের ওপর দিয়ে আংশিক বৃষ্টি বলয় ‘নির্ঝর’ বয়ে যাচ্ছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী, এই বৃষ্টি বলয়ের প্রভাবে বৃহস্পতিবার সারা দেশে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকতে পারে।



























